তিন দিনেও রহস্য উদ্ঘাটিত হয়নি, পরিদর্শনে দুই সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর সিংহের ভবানী দুর্গামন্দিরের নির্মাণাধীন প্রতিমা ভেঙে ফেলার রহস্য তিন দিনেও উদ্ঘাটিত হয়নি। তবে এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুই সাংসদ ওই মন্দির পরিদর্শন করেন ও সেখানে এক জনসভায় বক্তব্য দেন।
গত শনিবার রাতে ওই মন্দিরে নির্মাণাধীন পাঁচটি (লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, গণেশ ও কার্তিক) প্রতিমা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এলাকার কয়েকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসন-১-এর সাংসদ সেলিনা জাহান গতকাল দুপুরে ওই মন্দির পরিদর্শন করেন। এ ছাড়া তাঁরা হিন্দু সম্প্রদায়ের মনোবল ফিরিয়ে আনতে ওই মন্দির চত্বরে এক জনসভায় বক্তব্য দেন। এ সময় খালিদ মাহমুদ চৌধুরী জানান, মন্দিরে হামলাকারীরা সম্প্রীতির দেশে সন্ত্রাসবাদ সৃষ্টি করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যেতে চায়। যেকোনো মূল্যে তাদের অপতৎপরতা রোধ করা হবে। সেলিনা জাহান জানান, যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নারায়ণপুর শ্রীশ্রী দুর্গাপূজা কমিটির সভাপতি দীনেশ চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আট-নয় জনকে আসামি করে গত রোববার একটি মামলা করেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতে উপজেলার নারায়ণপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ওই গ্রামের মো. রফিকুল ইসলাম, গুয়াগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক দুর্গাপুর গ্রামের হোসেন আলী ও নারায়ণপুর গ্রামের আইয়ুব আলীকে গ্রেপ্তার করে।
নারায়ণপুর দুর্গামন্দির কমিটির সভাপতি দীনেশ চন্দ্র রায় জানান, ওই দিন রাত সোয়া নয়টার দিকে ডেকোরেশনের শ্রমিকেরা তাঁকে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানান। তিনি বিভিন্ন জায়গায় ঘটনাটি জানিয়ে দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতেসাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ঘটনার তিন দিনেও রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দীনেশ চন্দ্রসহ ওই গ্রামের একাধিক ব্যক্তি জানান, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল এসব কাজ করেছে। আরও জোর তদন্ত হওয়া দরকার। তিনজনকে ধরলেই হবে না। তাঁরা এর সঠিক তথ্য বের হোক, এটাই চান।
ওসি ইশতেসাম জানান, এলাকাবাসীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো তদন্ত চলছে, রহস্য বের হবেই।