তিন নারী খুন, যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সাতক্ষীরার সদর উপজেলার একটি ঘের থেকে এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া যশোরের ঝিকরগাছায় গুলিবিদ্ধ এক যুবক ও ফরিদপুর সদরে এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে তাঁর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের থেকে পাঠানো খবর:
সাতক্ষীরা: গত সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আগুনপুর গ্রামের একটি মাছের ঘের থেকে আছিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আছিয়া খাতুনের স্বামী আমজেদ হোসেনের (৩৫) বাড়ি আলীপুর ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে। আছিয়ার বাবা আবদুল খালেক গাজী বলেন, কিছুদিন আগে আমজেদ দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনপুর এলাকার একটি ঘের থেকে মাছ দেওয়ার কথা বলে আছিয়াকে ডেকে নিয়ে যায় আমজেদ। সন্ধ্যার দিকে খবর পেয়ে মাঝের পাড়ার একটি মৎস্য ঘেরে গিয়ে তিনি রক্ত দেখতে পান। খবর দেওয়া হলে পুলিশ এসে আমজেদকে আটক ও পরে তাঁর স্বীকারোক্তি অনুসারে ঘেরের বাঁধের পাশ থেকে আছিয়ার বস্তাবন্দী লাশ পাওয়া যায়।
আমজেদ হোসেন, তাঁর বন্ধু চাপারডাঙ্গা গ্রামের কবির হোসেন, ঘেরমালিক সুমন হায়দার ও তাঁর ভাই শিমুল হায়দারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
যশোর: ঝিকরগাছা উপজেলায় গদখালী মঠবাড়িয়া এলাকা থেকে গতকাল আলমগীর হোসেন নামের (৩২) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আলমগীর হোসেন উপজেলার শরীফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। তিনি ট্রাকচালক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মঠবাড়িয়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আলমগীরের ডান কানের নিচে গলায় দুটি গভীর ক্ষত রয়েছে। ঝিকরগাছা থানার ওসি মাসুদ করীম বলেন, সোমবার রাতে গদখালী পাইকারি ফুলের মোকামের আধিপত্য নিয়ে দুটি সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলি হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় আলমগীর নিহত হয়ে থাকতে পারেন।
ফরিদপুর: ভাঙ্গা উপজেলায় রাশেদা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে তাঁর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। রাশেদা বেগম উপজেলার দিঘলকান্দা গ্রামের আজিজুল মাতুব্বরের (৩৫) স্ত্রী। ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়।
রাশেদা বেগমের ভাই মজিবর রহমান অভিযোগ করেন, রাশেদাকে পিটিয়ে হত্যা করেছেন আজিজুল। তারপর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে গেছেন। ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী রাশেদা বিষ পান করেছেন। তবে সুরতহাল প্রতিবেদনে তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে গতকাল ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষাণচর গ্রামের একটি বাগান থেকে হেলেনা বেগম (৬০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হেলেনা বেগম পশ্চিম ভাষাণচর গ্রামের মরহুম আবদুর সাত্তারের স্ত্রী। হেলেনা বেগম তাঁর ছেলে মো. টোকনের (২৫) সঙ্গে পশ্চিম ভাষাণচরের বাড়িতে থাকতেন। মো. টোকন বলেন, সোমবার সাড়ে আটটার দিকে তাঁর মা একই গ্রামের লাল মিয়া দেওয়ানের বাড়িতে গান শোনার উদ্দেশ্যে বের হন। রাতে তিনি বাড়িতে ফেরেননি। সকাল নয়টার দিকে বাড়ি থেকে আনুমানিক দুই শ গজ দূরে সড়কের পাশে তাঁর লাশ পাওয়া যায়। তাঁর নাক ও মুখে রক্ত ছিল।