তিন নারীকে মারধরের পর অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহরে ডিশ সংযোগ প্রদানকারী একটি প্রতিষ্ঠানের তিন নারী কর্মীকে প্রকাশ্যে মারধর করার পর তাঁদের অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরের হালিশহর থানার মুহুরীপাড়া পদ্মা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি ধামাচাপা দিতে আওয়ামী লীগ দলীয় এক ওয়ার্ড কাউন্সিলর সমঝোতার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।

অবশ্য দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল প্রথম আলোকে বলেন, আসামিদের কাউকে তিনি চেনেন না। ডিশ ব্যবসার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। ঘটনাটি তাঁর পাশের ওয়ার্ডে ঘটেছে। তিনি বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করেননি।

হামলার শিকার তিন নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের একজন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হালিশহর থানায় মামলা করেছেন। মামলায় স্থানীয় যুবক মো. তৌহিদ, মো. সুমন, মো. এনাম ও মো. তন্ময়কে আসামি করা হয়। এই চার যুবক দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

ভুক্তভোগী এক নারী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ তাঁরা ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আমাদের ওপর হামলা করেছেন।’

পুলিশ সূত্র জানায়, ওই তিন নারী কেব্‌ল অপারেটর প্রতিষ্ঠান চিটাগাং কমিউনিকেশন লিমিটেডের (সিসিএল) মাঠকর্মী। বৃহস্পতিবার সকালে তাঁরা পশ্চিম মুহুরীপাড়া এলাকায় গ্রাহকদের বাসায় বাসায় গিয়ে ডিশ বিলে টাকা সংগ্রহ করছিলেন। এক বাসা থেকে আরেক বাসায় যাওয়ার পথে মুহুরীপাড়ার একটি গলিতে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। রাস্তার মধ্যেই তাঁদের চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকেন যুবকেরা। মারধরের পর তাঁদের হাতে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেন। একপর্যায়ে অ্যাসিড মেরে তাঁদের শরীর ঝলসে দেওয়ার হুমকি দেন যুবকেরা। এলাকায় টাকা সংগ্রহ করতে আর কখনো না আসার হুমকি দিয়ে চলে যান তাঁরা।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, তিন নারীকে মারধরের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার আগে আসামিদের সঙ্গে স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার চেষ্টা হয়েছিল বলে তিনি শুনেছেন।

কেব্‌ল অপারেটর সিসিএলের পরিচালক আবুল হাসনাত মো. বেলাল দাবি করেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ডিশের ব্যবসা করছেন কিছু যুবক। এরা প্রায়ই তাঁদের কর্মীদের মারধর করছেন।