তিন নারীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন গৃহবধূ আঞ্জু আরা বেগম (২৮) ও একজন ভিক্ষুক টিয়া বেগম (৫৫)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

মতিঝিল থানার পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা একটার দিকে মতিঝিলের শাপলা চত্বরের কাছে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস টিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, টিয়া বেগম ভিক্ষাবৃত্তি করতেন।

এর আগে গত মঙ্গলবার রাতে রূপনগর থানার আরামবাগের ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান গৃহবধূ আঞ্জু আরা। বাইরে থাকা তাঁর স্বামী মুকুল আহমেদ ফিরে দেখতে পান আঞ্জু আরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। সেখান থেকে নামিয়ে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আঞ্জু আরা পোশাকশ্রমিক ছিলেন।

এ ছাড়া মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ ভাটারা থানার নুরেরচালা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলম বলেন, নিহত যুবকের পরনে ফুলপ্যান্ট ও গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার রাতে মিরপুর ১৩ নম্বর এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারী মারা যান। তাঁর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল।

কাফরুল থানার এসআই মো. হানিফ বলেন, কোন গাড়িতে ধাক্কা লেগে ওই নারী মারা গেছেন তা জানা যায়নি।

নবজাতকের লাশ: গতকাল সকালে পুলিশ উত্তরার ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়ক থেকে কাগজের বাক্সে ভরা এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।