তিন নেতা কারাগারে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাস ভাঙচুরের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার সাত আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আহসান হাবিব চারজনের জামিন মঞ্জুর করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী ও শ্রমিক দলের নেতা মনির আকনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ১০ জানুয়ারি রাতে উপজেলার দেবীপুর মাদ্রাসার সামনের সড়কে দুটি বাসে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় একটি বাসের কর্মচারী লিটন ব্যাপারী বাদী হয়ে ১১ জানুয়ারি ১৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফাজ্জেল ব্যাপারীকে প্রধান আসামি করা হয়।
২০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান উপজেলা বিএনপির নেতা রুহুল আমিনের নাম অন্তর্ভুক্ত করে ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।