তিন পায়ে চলতে হবে ছাগলটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরের হাবাসপোল গ্রামের এ ছাগলের পা এভাবেই নির্দয়ভাবে কেটে দেওয়া হয়েছে l প্রথম আলো
যশোরের কেশবপুরের হাবাসপোল গ্রামের এ ছাগলের পা এভাবেই নির্দয়ভাবে কেটে দেওয়া হয়েছে l প্রথম আলো

খেতের ধান খেয়েছিল ছাগলটি। এ অপরাধে (!) তার এক পা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন খেতের মালিক। নির্মম এ ঘটনাটি যশোরের কেশবপুর উপজেলার।
ছাগলটির মালিক উপজেলার হাবাসপোল গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ছাগলটি গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সবার অজান্তে বাড়ির পাশের একটি খেতে গিয়ে ধান খাচ্ছিল। এ সময় খেতের মালিক বাবর আলী ছাগলটিকে ধরে ফেলেন। একপর্যায়ে তিনি দা দিয়ে কোপ দিয়ে ছাগলের পেছনের একটি পা বিচ্ছিন্ন করে ফেলেন।
রাতে ছাগলটির কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি ইকবাল হোসেন। তিনি গতকাল বুধবার সকালে ছাগলটিকে কেশবপুরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা করান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আল মামুন বলেন, অবলা একটি প্রাণীর সঙ্গে এ ধরনের আচরণ খুবই নিন্দনীয়। ছাগলটির কেটে ফেলা পা’টা আর জোড়া লাগানো যাবে না। এখন থেকে তিন পায়ে চলাফেরা করতে হবে ছাগলটিকে।
অভিযুক্ত বাবর আলী বলেন, ‘ধান খাওয়া দেখে রাগে আমার মাথার ঠিক ছিল না। ফলে হাতে থাকা দা ছাগলটির দিকে ছুড়ে মেরে দিই। কিন্তু সেটি ওভাবে লাগবে আর ছাগলের পা কেটে পড়বে, তা বুঝতে পারিনি।’
ছাগলটির মালিক ইকবাল হোসেন বলেন, তিনি এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন। প্রথমত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাবেন।