তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, রিমান্ডে এএসআই মাহফুজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাত লাখ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও তাঁর গাড়িচালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এএসআই ও তাঁর গাড়িচালক জাবেদ আলীকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
ইয়াবা পাচারের ঘটনায় ফেনী সদর মডেল থানায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আসামি করে গত রোববার রাতে মামলা করেন র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের নায়েক সুবেদার মনিরুল ইসলাম। মামলার অন্য দুই আসামি হলেন কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (উপপরিদর্শক) মো. বেলাল এবং চট্টগ্রামের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আশিক। র্যাব জানায়, বেলাল ও আশিকের কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে তা ঢাকায় মাদক পাচারকারী চক্রের কাছে তুলে দেওয়ার কথা ছিল মাহফুজুরের।
ফেনী সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ জানান, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এএসআই মাহফুজুর রহমানের তিন দিন ও জাবেদ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।