তিন পুলিশের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে ইয়াবা বড়ি পাচারে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ওই তিন সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, জুয়েল সরকার ও শেখ সজীব। শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনে এবং জুয়েল সরকার ও শেখ সজীব ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত শাখায় (সিআইডি) কর্মরত আছেন। তাঁদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগও আছে।
চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেন, চট্টগ্রামে শিক্ষানবিশ এসআই হিসেবে কর্মরত থাকাকালে ওই তিনজনের বিরুদ্ধে চার থেকে পাঁচ মাস আগে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে বিষয়টির তদন্ত শুরু হয়। তদন্তে তিনজনের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ব্যবস্থা নেওয়া হবে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, শিক্ষানবিশ এসআই হিসেবে তাঁরা তিনজন নগরের বিভিন্ন থানা ও নগর পুলিশের কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই সময় তাঁরা ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। তদন্তে সত্যতা পাওয়ায় ঢাকায় সিআইডিতে কর্মরত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার নগর পুলিশ কমিশনার চিঠি দিয়েছেন।