তিন পোশাক কারখানাকে সোয়া ২ কোটি টাকা জরিমানা
মোহাম্মদপুরে তিনটি রপ্তানিমুখী পোশাক কারখানায় (একই ব্যক্তি মালিক) বিদ্যুৎ চুরির অভিযোগে এগুলোর মালিককে সোয়া ২ কোটি টাকা জরিমানা করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্স। গতকাল সোমবার ও গত রোববার রাজধানীর মোহাম্মদপুরের ওই কারখানা তিনটিতে অভিযান চালায় ডিপিডিসির টাস্কফোর্স।
টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী গতকাল বলেন, নাসরিন গার্মেন্টস, নিপুণ প্রাইভেট লিমিটেড এবং ফোর ব্রাদার্স ফ্যাশন নামে তিনটি কারখানার মালিক আলী আজম খান নামের এক ব্যবসায়ী। মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন ঢাকা উদ্যান ও আদাবর এলাকায় কারখানা তিনটির অবস্থান। ডিপিডিসির মিটারিং প্রকৌশলীদের সহায়তায় চলা দুদিনের ওই অভিযানে দেখা যায়, তিনটি কারখানার প্রতিটি মিটারেই কারসাজি করা হয়েছে। মিটারের বিদ্যুৎ প্রবাহের লাইনে কারসাজি করে বিশেষ ধরনের যন্ত্র (রিলে যন্ত্র) বসিয়ে দেওয়া হয়েছে। যার ফলে কারখানাগুলোতে লাখ লাখ ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হলেও এর সামান্যই মিটারে উঠেছে। অনেক দিন ধরে এ কারখানাগুলোতে চুরি হচ্ছিল। মিটারগুলোর বেসপ্লেটে পেপার সিলও নকল করা হয়েছে। শেষ পর্যন্ত হিসাব কষে ৯ লাখ ৩৭ হাজার ইউনিট চুরির অভিযোগে আলী আজমকে ২ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকালই তাঁর কাছ থেকে ১ কোটি ৯ লাখ টাকা আদায় করা হয়েছে।
মুনীর চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিপিডিসির প্রকৌশলীরা এ চুরি ধরতে পেরেছেন। তাঁর দাবি, যে কৌশলেই বিদ্যুৎ চুরি করা হোক না কেন, এখন তা ধরার প্রযুক্তি ডিপিডিসির কাছে রয়েছে।