কেরোসিন আর ডিজেল, সঙ্গে মেশানো হতো ব্যবহৃত পুরোনো মোবিলসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক। এভাবেই পুরান ঢাকার শামীম ট্রেডার্স, মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্স ও খান ট্রেডার্স নামে তিনটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তৈরি করে আসছিল যানবাহনের ইঞ্জিনে ব্যবহারের জন্য নকল লুব্রিকেটিং ও ব্রেক অয়েল। নকল কনটেইনার বানিয়ে এর ওপরে বসানো হতো ক্যাসট্রল, ভিসকোর মতো বিখ্যাত ব্র্যান্ডের স্টিকার। পরে নকল লুব্রিকেটিং ও ব্রেক অয়েল ভরে বাজারে বিক্রি করা হতো।
গতকাল শনিবার নবাবপুর রোডের মুক্তিযোদ্ধা মার্কেটে প্রতিষ্ঠান দুটির কারখানায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের নামে তৈরি করা ভেজাল ও নকল লুব্রিকেটিং অয়েল ও ব্রেক অয়েলের ২ হাজার ৮৬২টি ক্যান জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। র্যাব-১০-এর এই অভিযানের সময় ৩০০টি খালি কনটেইনারও জব্দ করা হয়। জব্দ হওয়া পণ্যের মূল্য প্রায় ৭০ লাখ টাকা। নকল ও ভেজাল লুব্রিকেটিং ও ব্রেক অয়েল তৈরির অভিযোগে শামীম ট্রেডার্সের ব্যবস্থাপক মজিবুর রহমানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং তাঁর সহকারী মো. আসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
মালিক পালিয়ে যাওয়ায় মোহাম্মাদী ট্রেডার্স ও খান ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তিনটি প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হয়। নকল ও ভেজাল লুব্রিকেটিং অয়েলের বিপুলসংখ্যক ক্যান পাঁচটি ট্রাকে করে মাতুয়াইলের দক্ষিণ সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে ধ্বংস করা হয়।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, এসব কারখানায় তৈরি লুব্রিকেটিং ও ব্রেক অয়েল ব্যবহার করলে যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যায়। সাধারণত এগুলো কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার, শ্যালো মেশিনে ব্যবহার করেন কৃষকেরা। এসব নকল-ভেজাল অয়েল ব্যবহার করে দু-তিন বছরের মধ্যেই মূল্যবান মেশিন বিকল হয়ে পড়ায় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি বলেন, সাজা পাওয়া ব্যক্তিরা আদালতের কাছে স্বীকার করেছেন যে বাজারের প্রায় ৫০ শতাংশ লুব্রিকেটিং ও ব্রেক অয়েল ভেজালযুক্ত অথবা নিম্নমানের ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি। পাঁচ লিটারের একটি আসল লুব্রিকেটিং ও ব্রেক অয়েলের মূল্য প্রায় সাড়ে তিন হাজার টাকা। কিন্তু তাঁরা পাইকারি বিক্রেতাদের কাছে ২২ শ টাকায় বিক্রি করেন। খুচরা বাজারে এগুলো বিক্রি হয় ২৮ শ টাকায়।