তিন প্রতিষ্ঠানের জরিমানা, দণ্ডিত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার শেখহাটি এলাকায় একটি সেমাই কারখানাকে গতকাল রোববার ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত স্থানীয় এক যুবককে গাঁজা বিক্রির দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। একই দিন মেহেরপুরে দুটি খাবারের হোটেলকে আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শেখহাটি এলাকার কারখানাটির নাম নিউ আলামিন সেমাই ফ্যাক্টরি। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে। উৎপাদনের জন্য সংশ্লিষ্ট দপ্তর বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। অথচ মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছে। আবার উৎপাদিত সেমাইয়ের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এসব ঘটনায় প্রতিষ্ঠানটি থেকে জরিমানার ৪০ হাজার টাকা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে।
নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে পরে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ সজল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়। তিনি শেখহাটি জামরুলতলা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র বলছে, সজল গাঁজা সেবন ও বিক্রি করেন। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের দুটি খাবারের হোটেলে গতকাল বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এতে নির্বাহী হাকিম হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ।
অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, আল আমিন মিষ্টান্ন ভান্ডার এবং ঝন্টু হোটেলে নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করা হচ্ছে। আল আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক রবিউল ইসলামকে পাঁচ হাজার এবং ঝন্টু হোটেলের মালিক মো. ঝন্টুকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।