তিন প্রাণের অকালমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রী ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে আরও দুটি প্রাণ—তার অন্তঃসত্ত্বা খালা। গতকাল বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ টঙের আলগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম শারমীন আক্তার (১৬)। সে হাড়িয়াবাড়ি গ্রামের আব্দুস ছালামের মেয়ে। সে শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল। তার খালার নাম সুখ তারা (২৬)। তিনি টঙের আলগা গ্রামের আব্দুল লতিফের মেয়ে এবং নজরুল ইসলামের স্ত্রী। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শারমীন আক্তারের বাবা গরিব কৃষক। তাই সে তার নানার বাড়ি থেকে পড়ালেখা করত। এবার সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে সে অকৃতকার্য হওয়ার খবর শুনে নানার বাড়ি যায়। বিকেল চারটার দিকে ট্রেনের শব্দ পেয়ে সে রেললাইনের দিকে দৌড়াতে শুরু করে। তার খালা সুখ তারাও পেছন-পেছন ছুটে আসেন। একপর্যায়ে শারমীন দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেসের নিচে লাফিয়ে পড়ে। তাকে সরাতে গেলে সুখ তারাও রেললাইনে ট্রেনের নিচে পড়ে যান। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।