চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) প্রধান তিন ফটক অবরোধ করে রাখায় কার্যালয়ে যেতে পারেননি কর্মকর্তারা। কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার (অব.) হাসান নাছিরের অপসারণসহ আট দফা দাবিতে গতকাল সোমবার থেকে অবরোধ কর্মসূচি শুরু করেছে আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংগ্রাম পরিষদ।
কেইপিজেডের তিনটি ফটকেই গতকাল সকাল থেকে অবস্থান নেন অবরোধকারীরা। কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলমের নেতৃত্বে ১ নম্বর ফটক, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোয়াব আলীর নেতৃত্বে ২ নম্বর ফটক এবং আনোয়ারার মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের নেতৃত্বে ৩ নম্বর ফটকে অবস্থান নেন তাঁরা। এ সময় গেট দিয়ে গাড়ি প্রবেশে বাধা দেওয়া হয়। এ কারণে কেইপিজেডের কোনো কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
এ বিষয়ে বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এ কর্মসূচি চলবে।
বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘আমরা চাই কেইপিজেডের স্বার্থে এমডিকে সরানো হোক। নইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
কেইপিজেডের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবরোধকারীরা কেইপিজেডের বিভিন্ন স্থাপনা দখল করে অবরোধ করছে। তারা সবকটি ফটকও দখলে নিয়েছে। এ অবস্থায় আমরা কেউ কার্যালয়ে যেতে পারিনি। বর্তমানে আতঙ্কে আছেন কর্মকর্তা-কর্মচারীরা।’ তিনি জানান, গতকাল এমডি কার্যালয়ে যাননি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কেইপিজেডের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।