তিন ফসলি জমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মীর দেওহাটা ও কোট বহুরিয়া এলাকায় তিন ফসলি কৃষিজমিতে ২০টি ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটার ধোঁয়ায় জমির ফসল নষ্ট হচ্ছে। ইট তৈরির জন্য নদীর পাড়ের ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে কমপক্ষে ১২টি পরিবারের সদস্য অন্যত্র চলে গেছেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক কিলোমিটার এবং ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ভাটা করার বিষয়েও নিষেধাজ্ঞা আছে।

কিন্তু এসব আইন লঙ্ঘন করে মীর দেওহাটা ও কোট বহুরিয়া এলাকায় গত পাঁচ বছরে ২০টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এর মধ্যে চলতি বছর মীর দেওহাটা এলাকায় গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল হাই স্টাইল ব্রিকস, উপজেলার কুড়াতলী গ্রামের ইউসুফ আলী সিকদার শরিফ-হযরত ব্রিকস, গোড়াইল গ্রামের বিল্লাল হোসেন রমিজ ব্রিকস, যোগীর কোফার আল হাদী ব্রিকস, স্থানীয় ইসরাফিল সরকার ব্রিকস এবং কোট বহুরিয়াতে ছাত্তার সরকারের এসএমবি ব্রিকস নির্মাণ করেন।

সরেজমিনে দেখা গেছে, মির্জাপুরের দেওহাটা-বহুরিয়া সড়কের দুই পাশে ভাটাগুলো স্থাপন করা হয়েছে। কয়েকটি ভাটার সঙ্গেই রয়েছে সরিষা ও সবজিখেত।

কোট বহুরিয়া গ্রামের সমেজ উদ্দিন বলেন, ‘ভাটার ধোঁয়ায় ধান নষ্ট অয়। গেছে বছর এক পাকিতে (৫৬ শতক) ৪০-৪৫ মুনের জাগায় ২৫-৩০ মুন ধান পাইছি।’

একই গ্রামের তমিজ উদ্দিন বলেন, ‘আমরা প্রতিবছর তিন সিজনে সরিষা, পাট ও ধান বুনি। সুযোগ পাইলে সবজিও বুনি। ইটের ভাটার লিগ্যা ফসল ঠিকমতো ঘরে তুলা পারি না।’

শরিফ-হযরত ব্রিকসের মালিক ইউসুফ আলী সিকদারের ভাই নুরুল ইসলাম সিকদার জানান, প্রতি শতক জমির জন্য ৬০০ টাকা হিসেবে জমির মালিকদের কাছ থেকে ১৫ বছরের চুক্তিতে ভাড়া নিয়েছেন। এ সময় তাঁরা ভাটা অনুমোদনের কাগজ দেখান, যা গত ২৪ আগস্ট পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক (ডিডি) মুহাম্মদ মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত। এতে ৩৮টি শর্তে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়েছে।

কোট বহুরিয়া এলাকার এফবিসি-২ ভাটার মালিক ফজলুর রহমান তাঁর ভাটাটি অনুমোদিত বলে দাবি করলেও কোনো কাগজ দেখাতে পারেননি। তিনি জানান, তাঁরসহ স্থানীয় অধিকাংশ ভাটার সব কাগজ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। একই কথা জানান স্টাইল ব্রিকসের মালিক আব্দুল হাই।

কোট বহুরিয়া এলাকার কয়েকজন অভিযোগ করেন, ভাটায় ইট তৈরির জন্য মাটি নিতে ভাটা–সংলগ্ন লৌহজং নদের পাড় কেটে এবং আশপাশের জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নেন ব্যবসায়ীরা। কেউ না দিতে চাইলে কৌশলে পাশের জমির মাটি কাটেন। এতে নদের পাড়ের জমি ভেঙে যায়। ফলে এসব জমির মালিকেরা মাটি বিক্রি করতে বাধ্য হন। এভাবে কোট বহুরিয়া এলাকার ১২টি পরিবার তাঁদের পৈতৃক ভিটে হারিয়েছেন। এ পর্যন্ত ভাটার মালিকেরা ৫-৭ একর জমির মাটি কেটে নিয়ে গেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান জানান, কৃষকেরা ভাটা স্থাপনে আগ্রহী হয়ে জমি দিচ্ছেন। তাঁদের বুঝিয়েও কাজ হয় না।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের ডিডি জানান, তিনি গত ২১ আগস্ট টাঙ্গাইলে যোগদান করেন। এ বছর নতুন স্থাপিত ভাটাগুলোর কয়েকটির আগে থেকেই ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত ছিল। তিনি যোগদান করে শুধু কাগজে স্বাক্ষর করেছেন।