তিন ফসলি জমিতে হচ্ছে ইটভাটা

ফরিদপুরে তিন ফসলি আনুমানিক ১০০ একর জমিতে নির্মাণ করা হচ্ছে একটি ইটভাটা। এ ঘটনা ঘটেছে জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে। ওই এলাকার বাসিন্দা ওদুদ মোল্লা এ ভাটাটি নির্মাণ করছেন।
প্রায় দেড় মাস ধরে ভাটা নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজ দেখভাল করছেন ওদুদের ভাই সান্টু মোল্লা।
ফসলি জমিতে ভাটা নির্মাণ অবৈধ দাবি করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুর ও মধুখালীর প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত আবেদন করেছেন ওই এলাকার কয়েকজন বাসিন্দা। ১০ ও ১২ অক্টোবর এ আবেদনগুলো করা হয়।
১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাতুরিয়ার মোড় থেকে এলজিইডির নবনির্মিত সড়কের পশ্চিম পাশে এই ভাটার নির্মাণকাজ এগিয়ে চলছে জোরেশোরে। ইতিমধ্যে ইট পোড়ানোর ছোট ছোট ঘর নির্মাণ করা হয়ে গেছে। বর্তমানে চিমনি নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে এক্সকাভেটর মেশিন দিয়ে ইট তৈরির মাটি গর্ত করে তুলে স্তূপ করার কাজ চলছে ইট বানানোর জন্য।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী ফসলি জমিতে ইটভাটা করা নিষিদ্ধ করা হয়েছে। তবে ফসলি জমি বলতে দুই বা তিন ফসলি জমিকে বোঝানো হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি ভাটা নির্মাণ করতে টাইলে তাঁকে প্রথমে অবস্থানগত ছাড়পত্র এবং পরে পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। অবস্থানগত ছাড়পত্র পাওয়ার আগে ওই জমিতে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করার সুযোগ নেই।
এলাকাবাসী এ ভাটার ব্যাপারে আপত্তি জানিয়ে ১০ অক্টোবর ফরিদপুরের জেলা প্রশাসক ও ১২ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেছেন। দেড় মাস আগে ভাটার কাজ শুরু করলেও ভাটার মালিক ওদুদ মোল্লা ১১ অক্টোবর পরিবেশ অধিদপ্তরে ভাটা করার লক্ষ্যে অবস্থানগত ছাড়পত্রের জন্য আবেদন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু সাঈদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ভাটা নির্মাণের জন্য অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়নি। আমি ১৯ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের সত্যতাও পেয়েছি। তাৎক্ষণিক নির্মাণকাজ বন্ধ করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছি। আর অবস্থানগত ছাড়পত্রের আবেদন বিবেচনা করার সুযোগ নেই মতামত দিয়ে গতকাল বুধবার ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’
গতকাল বুধবার সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, পরিদর্শক মো. আবু সাঈদের নির্দেশ অমান্য করে ইটভাটার নির্মাণকাজ চলছেই।
এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগে উল্লেখ করেন, এলজিইডির রাস্তার পাশে এ ভাটা নির্মাণ করা হচ্ছে। যেখানে ভাটা নির্মাণ করা হচ্ছে তার থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে একটি প্রাথমিক (আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও একটি উচ্চমাধ্যমিক (আড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়) বিদ্যালয় রয়েছে। এ ভাটাটি প্রায় ১০০ একর ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে। এখানে ভাটা হলে ওই এলাকার পরিবেশ নষ্ট হবে এবং এলাকার শতাধিক পরিবার দারুণ সংকটে পড়বে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভাটার নির্মাণকাজ শুরু করার আগে ‘মা আমেনা অটো রাইস মিল’ নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। এর আড়ালেই চলে ভাটা নির্মাণের কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার তিন বাসিন্দা জানান, ওই জমিতে ধান, পাট, আখসহ তিনটি ফসল হয়। তিন মাস আগেও ধান রোপণ করা ছিল ওই জমিতে। সে জমিতেই নির্মাণ করা হচ্ছে ভাটা।
ভাটা যেখানে নির্মাণ করা হচ্ছে তার উত্তর পাশে রয়েছে কৃষক জিয়া মোল্লার বাড়ি। জিয়া মোল্লা বলেন, ‘আমার বাড়ির দুই পাশের সব জমি কিনে ফিরছেন ভাটার মালিক। আমাকেও জমি বিক্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে।’
ভাটার সামনের দিকে এলজিইডি সড়কের পূর্ব দিকে রয়েছে কৃষক রিয়াজ শেখের বাড়ি। রিয়াজ শেখ বলেন, ‘যে ব্যক্তি ভাটা করছেন তিনি বড়লোক এবং ক্ষমতাধর। ওনার বিরুদ্ধে কথা বলতে ভয় হয়। তবে আমাদের কথা বলেও লাভ নেই।’
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান বলেন, ‘তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করার কোনো সুযোগ নেই। কেউ এ উদ্যোগ নিলে সেটি বেআইনি হবে। আমরা প্রথমে কৃষি বিভাগের মাধ্যমে জমির ধরন যাচাই করব। যদি সেটি তিন বা দুই ফসলি জমি হয়ে থাকে তাহলে অবৈধ এ কার্যক্রম বন্ধ করার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব।’
ভাটার মালিক ওদুদ মোল্লা বলেন, ‘ওই জমি ফসলি জমি নয়, পতিত জমি হিসেবে রেকর্ড করা। কেউ ফসলি জমি বলে থাকলে সেটা ঈর্ষাপরায়ণবশত আমাকে হেয় করার জন্য বলেছেন।’