তিন বছরে দুই শতাধিক মোটরসাইকেল চুরি-ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে গত তিন বছরে দুই শতাধিক মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলের আটজন চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও জেলা মোটরসাইকেল চালক সমিতি সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলায় প্রায় ছয় হাজার মোটরসাইকেল রয়েছে। এর মধ্যে যাত্রী পরিবহনের জন্য ভাড়ায় চলে প্রায় দুই হাজার ৫০০ মোটরসাইকেল। রাতে দুর্বৃত্তরা যাত্রী সেজে মোটরসাইকেল ভাড়া নেয়, নির্জন স্থানে নিয়ে সেটি ছিনতাই করে। অনেক সময় চালককে হত্যাও করে।
ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরপায়াতলী গ্রামের রাজীব দেওয়ান (২২) ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। গত ৫ জুলাই রাতে দুজন যুবক কার্তিকপুর বাজার থেকে তাঁর মোটরসাইকেলটি ভাড়া নেন। তারপর নির্জন স্থানে গিয়ে তাঁকে হত্যা করে সেটি ছিনতাই করেন। দুই দিন পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ২২ আগস্ট পুলিশ গোসাইরহাটে ওই মোটরসাইকেলটির সন্ধান পায়। আটক করা হয় আলো মাদবর নামের এক ব্যক্তিকে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পণ্ডিতসার গ্রামের সোহেল ফকির (২৫), চরহোগলার গাজীকান্দি গ্রামের মনির হোসেন (২৪), দুলাল সরকারকান্দি গ্রামের ইমরান শেখকে (২২) আটক করে। তাঁদের মধ্যে মনির হোসেন ও ইমরান শেখ পুলিশের কাছে স্বীকার করেন, মোটরসাইকেল ছিনতাই করার জন্য রাজীবকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। তারপর সেটি নিয়ে সোহেল ফকিরের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।
১৯ নভেম্বর সদর হাসপাতাল চত্বর থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়।
শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র সঞ্জীব কুমার নাগ বলেন, ‘কয়েক দিন আগে সদর হাসপাতালের সামনে বাজাজ ডিসকভার ব্র্যান্ডের নতুন মোটরসাইকেলটি রেখে রোগী দেখতে ভেতরে ঢুকি। ফিরে এসে আর মোটরসাইকেল পাইনি।’
শরীয়তপুর জেলা শহরের ব্যবসায়ী সুভাষ দাস বলেন, ‘দিনের বেলা জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে আমার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পুলিশ এখনো সেটির সন্ধান করতে পারেনি।’
মোটরসাইকেলের চালক দেলোয়ার হোসেন ও রহমত মিয়া বলেন, ‘বিকল্প পেশা হিসেবে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে থাকি। দুর্বৃত্তরা যেভাবে চালকদের হত্যা করছে, তাতে আমরা উদ্বিগ্ন।’
শরীয়তপুর জেলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি রহমান সরদার জানান, সন্ধ্যার পরে মোটরসাইকেলে যাত্রী ওঠালেই একধরনের আতঙ্ক কাজ করে। রাত আটটার পর সব চালককে মোটরসাইকেল চালাতে নিষেধ করা হয়েছে।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুলিশ সব সময় সক্রিয় আছে। এ ছাড়া অপরাধ কমানোর উদ্দেশ্যে পুরো জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।