তিন বছরে বিমানবন্দরে জব্দ হয় ৪২১ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার ১০৪টি বার জব্দ করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
ছবি: সংগৃহীত

তিন বছরে দুবাই ও সিঙ্গাপুর থেকে অবৈধ পথে দেশে নিয়ে আসা ৪২১ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রাজধানীর শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সোনা উদ্ধার করা হয়। দু–একটি ঘটনায় বহনকারীদের আটক করা হয়। মামলা হয়, তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল অপরাধীরা। সোনা চোরাচালানের পাঁচটি ঘটনার মধ্যে ধরা পড়ে মাত্র একটি।

সোনা চোরাকারবারিরা দুবাই ও সিঙ্গাপুর থেকে আসা ৯৮ শতাংশ যাত্রীকে সোনা পাচারে ব্যবহার করছে। একজন যাত্রী লাগেজ–সুবিধার আওতায় দুটি করে সোনার বার আনতে পারেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বিমানবন্দরের সিভিল এভিয়েশন ও যেসব সংস্থার বিমানে সোনা আসছে, তাদের লোকজন পাচারকারীদের সঙ্গে জড়িত। তাদের সহযোগিতা ছাড়া বিমান ও বিমানবন্দর ব্যবহার করে সোনা চোরচালান সম্ভব নয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২১-২০২২) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এখন পর্যন্ত ৬৬ দশমিক ৯৬৪ কেজি সোনা আটক করা করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ কোটি টাকা। এর আগে ২০২০-২০২১ অর্থবছরে ১৭৪ দশমিক ৪৯ কেজি এবং ২০১৯-২০২০ অর্থবছরে ১৮০ দশমিক ৩৫ কেজি সোনা জব্দ করা হয়।

কারা সোনা চোরা কারবারের সঙ্গে জড়িত, সেটা এভাবে বলা ঠিক হবে না। আমরা সোনা জব্দ করি। এ ঘটনায় মামলা হয়। পুলিশের পক্ষে বের করা কঠিন কাজ নয়।
আবদুর রউফ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দেশে সোনার চাহিদা বছরে ১৬ থেকে ২৬ টন। কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি সোনা অবৈধ পথে দেশে আসছে। পাঁচটি সোনার চালান এলে ধরা পড়ে মাত্র একটি। অবৈধ পথে দেশে নিয়ে আসা এসব সোনার একটি বড় অংশ চলে যায় পাশের দেশে। যে কারণে দেশে সোনা চোরাচালান কমছে না। সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

গত রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার ১০৪টি বার জব্দ করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এগুলোর ওজন প্রায় ১২ কেজি। দুবাইফেরত ফ্লাইট বিজি-৪১৪৮–এর কার্গো হোল থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। কার্গো হোল্ডের মাঝখানের প্রবেশমুখের বাঁ দিকে ছাই রঙের কাপড়ের বেল্টের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি প্যাকেটে ছিল সোনার বারগুলো।

সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ
ছবি: সংগৃহীত

আজ সোমবার দুপুরে কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জব্দ সোনার তথ্য জানাতে এসে সোনা চোরাচালানের নানা তথ্য তুলে ধরেন সংস্থার মহাপরিচালক আবদুর রউফ। তিনি বলেন, সোনা আমদানি করতে এলসি খুলতে হয়। বৈধ টাকা লাগে, বিভিন্ন সংস্থার নজরদারি থাকে। তাই চোরাকারবারিরা আমদানি না করে অবৈধ পথে সোনা দেশে নিয়ে আসে।

আবদুর রউফ বলেন, নতুন কৌশল হিসেবে ‘আনসিডিউল’ ফ্লাইটে সোনা আনা হচ্ছে, যাতে ধরা না পড়ে। আবার বড় চালানের ক্ষেত্রে ১০ জন মিলে বিনিয়োগ করে থাকেন। যাতে ধরা পড়লেও সবাই মিলে ক্ষতি পুষিয়ে উঠতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা সোনা চোরা কারবারের সঙ্গে জড়িত, সেটা এভাবে বলা ঠিক হবে না। আমরা সোনা জব্দ করি। এ ঘটনায় মামলা হয়। পুলিশের পক্ষে বের করা কঠিন কাজ নয়।’

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সোনা চোরাকারবারিরা দুবাই ও সিঙ্গাপুর থেকে আসা ৯৮ শতাংশ যাত্রীকে সোনা পাচারে ব্যবহার করছে। একজন যাত্রী লাগেজ–সুবিধার আওতায় দুটি করে সোনার বার আনতে পারেন। এই সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। প্রতিটি বারে শুল্ক ২০ হাজার ও বহনকারীকে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে বৈধভাবে সোনা আনা হচ্ছে।