মানিকগঞ্জ সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ছয়জন আহত হন।
গত রোববার রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম বাজেয়াপ্ত ভাটরা ও পরগড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার ১৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বাজেয়াপ্ত ভাটরা গ্রামের আবদুর রাজ্জাক (৪৮) ও তাঁর ছেলে আকাশ হোসেনকে (২২) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ মামলার প্রধান সাক্ষী হান্নান মিয়ার বাবা জামির হোসেন এবং হান্নানের স্ত্রী নাজমা আক্তারও আছেন। রাজ্জাকের স্ত্রী লাকি আক্তার ও হান্নান খালাতো ভাইবোন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলীনগর গ্রামের মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় তোতা মিয়ার ছেলে সীমান্তের (১৭) সঙ্গে রোববার সন্ধ্যায় আকাশের কথা-কাটাকাটি হয়। সীমান্ত বকাঝকা করলে আকাশ তাকে থাপ্পড় দেন। এর জের ধরে সন্ধ্যার পর আলীনগরের ১০-১২ জন বাজেয়াপ্ত ভাটরা গ্রামে গিয়ে আকাশকে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করেন। এতে আকাশ আহত হন। এ সময় হান্নানের পরিবারের লোকজনসহ গ্রামবাসী এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায়।
রাত আটটার দিকে আবার বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আলীনগরের মো. শাহাজাদা, শিহাব হোসেন, রজ্জব আলীসহ ৬০-৭০ জন রাজ্জাকের বাড়িতে হামলা চালায়। এরপর রজ্জবের নির্দেশে হামলাকারীরা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে বাড়িঘরে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘরের টেলিভিশন, রেফ্রিজারেটর ও বিভিন্ন আসবাব এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাজ্জাককে কুপিয়ে জখম করা হয়। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকারও লুট করা হয়। রড দিয়ে লাকি আক্তারকে পেটানো হয়। পাশের জসিমের বাড়ির ঘরের টিনের বেড়াও ভাঙচুর করা হয়।
এরপর হামলাকারীরা পরগড়া গ্রামে হান্নানের বাড়ির চারটি ঘরের টিনের বেড়া ও দরজা-জানালা কুপিয়ে ভেঙে ফেলে। টেলিভিশন, রেফ্রিজারেটর, মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। এতে বাধা দিলে হামলাকারীরা হান্নানের স্ত্রী নাজমা আক্তার, বাবা জামির হোসেন, ভাতিজা মো. রাজ, হান্নানের চাচি কামরুন্নাহারকে রড দিয়ে পিটিয়ে আহত করে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীরা চলে যায়।
লাকি আক্তার ও হান্নান মিয়া বলেন, এ বিষয়ে থানায় মামলা করলে বা সাংবাদিকদের জানালে পেট্রল ঢেলে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে বলে হামলাকারীরা যাওয়ার সময় হুমকি দেয়। পরিবার নিয়ে তাঁরা এখন আতঙ্কের মধ্যে আছেন।
শাহাজাদা ও শিহাবের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রজ্জবের মুঠোফোন নম্বরে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হান্নান মিয়া থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।