তিন বিদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সম্প্রতি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ লুট হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, আটক বিদেশিরা ইরানের নাগরিক আমির হোসেন (৩৫), ভরিত (৩৪) ও নাদের (২৮)। ওই তিনজন একটি মাইক্রোবাসে নিয়ে আজ মেহেরপুরের গাংনী বাজারের একটি দোকানে কোমলপানীয় কিনতে যায়। পরে তাঁরা পাশের দোকানে টাকা ভাঙাতে গেলে দোকানির সন্দেহ হয়। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। পরে তাঁরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এর পর গাড়িটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। সম্প্রতি একটি মাইক্রোবাস যোগে মেহেরপুরে একটি স্টেশনে কর্মচারীদের ধোঁকা দিয়ে দেড় লাখ টাকা লুট করেন কয়েকজন বিদেশি নাগরিক। এ ছাড়া গাংনীতেও একটি চালের দোকান থেকে একই ভাবে ৭০ হাজার টাকা লুট করা হয়। এসব ঘটনায় তাঁদের সন্দেহ করা হচ্ছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদে তাঁদের প্রতিটি কথা অসংলগ্ন মনে হয়েছে। তাঁরা ঢাকায় কোথায় উঠেছে, গাড়ি কোথা থেকে ভাড়া নিয়েছে তার কিছুই জানা যায়নি। এর আগে মেহেরপুর সদরে একটি পেট্রল পাম্প থেকে টাকা লুটের ঘটনায় গাইবান্ধায় আটক তিন বিদেশিদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। ওই চক্রের সঙ্গে এরা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।