রংপুর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তিনটি বিভাগ ভাঙচুর করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে হটিয়ে দেয়। এতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
কলেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চতুর্থ বর্ষের কিছু শিক্ষার্থী ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি ও প্যাথলজি বিভাগে ভাঙচুর চালান। বিক্ষোভকারীরা সেখানকার টেবিল-চেয়ার ও আসবাব ভাঙচুর করেছেন। কাগজপত্র তছনছ করে ছিঁড়ে ফেলেছেন। ভাঙচুরের সময় ওই তিন কক্ষে কোনো শিক্ষক ছিলেন না। ওই তিন বিভাগে ৬৮ জন শিক্ষার্থীকে অনুত্তীর্ণ করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের অনুত্তীর্ণ শিক্ষার্থীরা এক জোট হয়ে অতর্কিতভাবে এ হামলা চালিয়েছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান পরিমল চন্দ্র সরকার বলেন, হঠাৎ অতর্কিত হামলা করে তাঁরা পালিয়ে যান। প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান সামসুজ্জামান বলেন, ‘আমি বসে কম্পিউটারে কাজ করছিলাম। এমন এক সময় তাঁরা হামলা করে পালিয়ে যান।’
ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুঠোফোনে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের এক নেতার জড়িত থাকার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ছাত্রদল ও শিবিরের একটি পক্ষ এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় মেডিসিন বিভাগের অধ্যাপক অমরেশ চন্দ্র সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
অনুত্তীর্ণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কলেজ শাখার সহসভাপতি শহিদুজ্জামান এত শিক্ষার্থী একসঙ্গে ফেল করা প্রসঙ্গে বলেন, এটি একটি চক্রান্ত।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব বলেন, এর আগেও একসঙ্গে অনেক শিক্ষার্থীর ফেল করার ঘটনা আছে। এটি কোনো নতুন ঘটনা নয়। তবে এভাবে হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।