তিন বোন যৌন নির্যাতনের শিকার
তাদের তিনজনেরই বয়স চার বছরের নিচে। সম্পর্কে তারা বোন। দুজন যমজ। অপরজন তাদের খালাতো বোন। রাজধানীতে এই তিন শিশুই একই দিনে যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিনের আদালতে এই তিন শিশু বিচারকের কাছে জবানবন্দি দিয়েছে। পরে তাদের অভিভাবকের জিম্মায় দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় এই তিন শিশু যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। এ ঘটনায় সেদিন পল্লবী থানায় মামলা করেন এক শিশুর মা। তবে মামলার একমাত্র আসামি ইকবাল (৩৫) পলাতক।
আজ শিশু তিনটিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পল্লবী থানা-পুলিশ। মায়ের কোলে করে আসে তারা। যমজ শিশুর মা প্রথম আলোকে বলেন, আসামি ইকবাল মুদি দোকানি। বাসার নিচেই ওই দোকান। সেখানে দোকানি নিয়মিত চটপটিও বিক্রি করতেন। গত বৃহস্পতিবার বিকেলে তার দুই মেয়ে চটপটি খাওয়ার জন্য ওই দোকানে যায়। মেয়েদের সঙ্গে ছিল তাঁর বোনের মেয়েও।
ওই মায়ের অভিযোগ, এই তিনজনকে বাসায় চটপটি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান আসামি। এরপর এই তিনজনকে যৌন নির্যাতন করতে থাকেন ওই আসামি। একপর্যায়ে বিকেলে তিন শিশু চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পালিয়ে যান আসামি ইকবাল।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, শিশু তিনটির যৌন নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, এলাকার লোকজন আসামি ইকবালের বাসা ভাঙচুর করেছেন। তবে আসামি ইকবাল পালিয়ে যেতে সক্ষম হন। শিশু তিনটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তারা সুস্থ আছে। আজ আদালতে বিচারকের কাছে তারা জবানবন্দি দিয়েছে।
অপর শিশুটির মা আদালত চত্বরে প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে ইকবাল পাঁচটি বিয়ে করেছেন। তাঁর ছেলেমেয়েও রয়েছে। তিনজনের যৌন নির্যাতনের কথা জানাজানি হলে ওই এলাকার লোকজন বলতে থাকেন, এর আগেও আসামি ইকবাল শিশুদের যৌন নির্যাতন করেছেন। কিন্তু কেউ তার বিরুদ্ধে মামলা করেনি।
আসামি ইকবালের সর্বোচ্চ শাস্তি দাবি করে মায়েরা বলেন, অবিলম্বে ইকবালকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। আর তদন্ত কর্মকর্তা হালিম প্রথম আলোকে বলেন, ইকবাল এলাকার জনরোষে পড়েছেন। পালিয়ে তিনি বেশি দিন থাকতে পারবেন না। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠাব। এর আগেও ইকবাল শিশুদের যৌন নির্যাতন করেছেন।