তিন ব্যক্তির লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রাম থেকে গতকাল সোমবার আবু তালেব (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন দিনাজপুরের নবাবগঞ্জে আবুল হোসেন (৬০) ও কৃষ্ণ চন্দ্র রায় (৪৫) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আবু তালেব ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা। আবুল হোসেন নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়নের মালারপাড়া গ্রামের বাসিন্দা ও কৃষ্ণ চন্দ্র একই উপজেলার মনিরামপুর গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সদর উপজেলার ফকদনপুর এলাকার একটি পুকুরে আবু তালেবের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে এসে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের সাইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। আবু তালেব শিবগঞ্জ গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আবুল হোসেন ও কৃষ্ণ চন্দ্র রায়ের পরিবার জানিয়েছে, তাঁরা অসুস্থ হয়ে মারা গেছেন। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ওই দুই ব্যক্তি মদ পানে মারা গেছেন। ওই দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।