তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে চেক জালিয়াতি ও প্রতারণার ঘটনায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে শহরের পোস্ট অফিস সড়কে সোনালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী ও মো. রুহুল আমিন এবং প্রিন্সিপাল অফিসার শেখ আবদুর রহমান।
দুদকের বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী অঞ্জন কুমার দাস জেলা রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত শতাধিক চেকের মাধ্যমে সোনালী ব্যাংকের পিরোজপুর শাখা থেকে টাকা উত্তোলন করেন। এ ঘটনা জানাজানি হলে ২০১২ সালের ৬ নভেম্বর তৎকালীন জেলা রেজিস্ট্রার মো. শফিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। অফিস সহকারী অঞ্জনের বিরুদ্ধে প্রতারণা ও ২৫ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ আনা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় দুদক। দুদকের কর্মকর্তারা তদন্ত করে দেখেন ৫৮ লাখ ৮৫ হাজার ৮৯৬ টাকা আত্মসাৎ করা হয়েছে। অফিস সহকারী অঞ্জন কুমার দাসের সঙ্গে সোনালী ব্যাংকের পিরোজপুর শাখায় ওই সময়ে কর্মরত ছয় কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, মো. রুহুল আমিন, শেখ আবদুর রহমান, মো. ফুয়াদ উদ্দিন, সুখেন্দু বিকাশ ও নূরুল ইসলামের যোগসাজশের প্রমাণ পান তাঁরা। অঞ্জন কুমার দাস আদালত থেকে জামিন নিয়েছেন। সোনালী ব্যাংকের গ্রেপ্তার তিন কর্মকর্তা বর্তমানে শহরের আঞ্চলিক কার্যালয়ে কর্মরত আছেন। অন্য তিন কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের বরিশাল কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান বলেন, গ্রেপ্তার তিন ব্যাংক কর্মকর্তাকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এ মামলায় শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।