তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ব্যাংকের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির মামলায় তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ব্যাংক এশিয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শাখার সাবেক প্রধান মোহাম্মদ হোসনেজ্জামান, সাবেক ব্যবস্থাপক (অপারেশন) মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ছালেহ উদ্দীন ইউসুফ, ভাটিয়ারীর মেসার্স শাহ আমানত আয়রন মার্টের মালিক গিয়াস উদ্দিন, এস এম ট্রেডাসের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন্নবী, আর এন ট্রেডাসের স্বত্বাধিকারী মো. মোস্তাকিম ও সামিয়া শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. সেকান্দর মিয়া। এঁদের মধ্যে মোহাম্মদ হোসনেজ্জামান ও মিজানুর রহমান কারাগারে আটক রয়েছে। বাকিরা পলাতক।
আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এম এইচ রহমত উল্লাহ চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে অভিযোগপত্রটি জমা দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজন আসামি পরস্পর যোগসাজশে ব্যাংক এশিয়া লিমিটেডের সীতাকুণ্ডের ভাটিয়ারী শাখা থেকে ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে সত্যতা পাওয়া গেছে। তাই তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে দুদক কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন। এটি গ্রহণের শুনানির জন্য আদালতে এখনো তারিখ নির্ধারণ হয়নি।
মাহমুদুল হক আরও বলেন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন স্ক্র্যাপ লোহার ব্যবসা করার উদ্দেশ্যে এবং জাহাজ আমদানির জন্য ব্যাংক এশিয়া লিমিটেডের ভাটিয়ারী শাখা থেকে ঋণ নিয়ে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি সপরিবারে গা ঢাকা দেন। এ ঘটনায় ভাটিয়ারী শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এমরানুল হক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন। দুদকের দেওয়া অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।