তিন ভাই পিটিয়ে হত্যা করলেন আরেক ভাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

বরিশাল নগরে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিন ভাইয়ের বিরুদ্ধে তাঁদের আরেক ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই ভাইসহ তিনজনকে আটক করেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের বগুড়া রোডের ‍মুন্সির গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন খান (৪৫) ওই এলাকার বাসিন্দা।

ঘটনার পর ফরিদের ভাই শাহে আল খান ও মফিজুল ইসলাম খান এবং শাহ আলমের ছেলে তাসিন খানকে আটক করে পুলিশ।

ফরিদের অপর ভাই জিয়াউর রহমান খান বলেন, তাঁরা ১০ ভাই ও তিন বোন। তাঁদের মধ্যে ফরিদ হোসেন খান বাড়ির সামনে একটি স্টল ভাড়া দিতেন। সম্প্রতি স্টলের ভাড়া নিয়ে ভাইদের মধ্যে বিরোধ হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে ভাড়াটিয়া মো. কাজলের কাছে স্টলের ভাড়া আনতে যান ফরিদ হোসেন। এ নিয়ে দোকানের ভাড়াটিয়ার সঙ্গে ফরিদের কথা-কাটাকাটি হয়। ভাড়াটিয়া এ সময় ফরিদের অপর ভাই শাহ আলম খান, মফিজুল ইসলাম খান, মজিবর রহমান ও ভাতিজা তাসিনকে ডেকে নেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহ আলম, মফিজুল ইসলাম খান, মজিবর রহমান, স্টলের ভাড়াটিয়া কাজল পাইপ ও ইট দিয়ে পিটিয়ে ফরিদকে গুরুতর আহত করেন। বাধা দিতে গেলে তাঁর অপর ভাই জিয়াউর রহমানকেও মারধর করেন অন্য ভাইয়েরা। গুরুতর আহত ফরিদ হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, দোকানের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।