তিন ভাইকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে গতকাল সোমবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে তিন ভাইকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা শহরের অন্তর মাল্টিমিডিয়া অ্যান্ড কম্পিউটারের পরিচালক ও ব্রহ্মরাজপুর বড় খামার গ্রামের মনিনুজ্জামান ওরফে তুহিন বলেন, তিনি ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটের দ্বিতীয় তলায় বসবাস করেন। গত রোববার দিবাগত রাতের কোনো একসময় দরজার গ্রিলের মুখে দুর্বৃত্তরা একটি সাদা খামের ভেতরে এক টুকরা সাদা কাপড় ও হাতে লেখা একটি চিঠি রেখে যায়। সকালে মনিনুজ্জামানের স্ত্রী সেলিনা আক্তার ঘরের দরজা খুলেই এটি দেখতে পান।
চিঠিতে লেখা রয়েছে, ‘পৌঁছে দিবো শেষ ঠিকানায় সময় তোর শেষ, নাস্তিকের বাচ্চা, নাস্তিকের দল, পুলিশের দালালি করিস, ২০০৮ সালে ৩০ শে ডিসেম্বর তুই পতাকা উড়ায়ে বলেছিলি আজ সাতক্ষীরা স্বাধীন হয়েছে, ৫ জানুয়ারি তোরা সবাই ভোট দিছিস, উপজেলা নির্বাচনে বাবুর পক্ষে ঘর দিছিস (নির্বাচনী প্রচারণা করার জন্য), মানুষের নামে মামলা দিছিস তোদের দিন শেষ তোদের মৃত্যু ঘোষণা করলাম।’ চিঠির শেষাংশে তুহিন, মিঠু ও বাবুর (তিন ভাই) নামের ওপর ক্রস চিহ্ন দেওয়া।
এদিকে এই চিঠি পাওয়ার পর থেকে ওই পরিবারে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মনিনুজ্জামান বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মনিনুজ্জামানে বলেন, তিনি একসময় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। এখন নিষ্ক্রিয়। তাঁর সেজো ভাই রেজাউল করিম ওরফে মিঠু সাতক্ষীরার স্থানীয় দৈনিক কালের চিত্রতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর মেজো ভাই আবদুর রহিম ওরফে বাবু ব্রহ্মরাজপুর বাজারের একজন ব্যবসায়ী।