তিন ভাইবোনের লাশ মিলল নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেমালিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলার রতনপুর পূর্বপাড়ায় নদী থেকে লাশগুলো উদ্ধার করেন স্থানীয় লোকজন।
মারা যাওয়া তিন শিশু হলো সুলতানা আক্তার (৮), রাজা মিয়া (৬) ও বাদশা মিয়া (৪)। তারা আপন ভাইবোন। তাদের বাবার নাম শওকত আলী। শওকতের বাড়ি সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে। তিনি সিলেটে ক্ষুদ্র ব্যবসা করেন।
শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি শওকত আলী তাঁর তিন শিশুকে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর পূর্বপাড়া গ্রামে বোন খোশ বানুর কাছে রেখে সিলেটে চলে যান। শিশুদের মা কুলসুমা বেগম (৩৫) গৃহকর্মীর ভিসায় লেবাননে গেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার বেলা দুইটার দিকে বাড়ির পাশে বেমালিয়া নদীতে গোসল করতে নামে তিন শিশু। এ সময় বাদশা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে রাজা ও তাদের বোন সুলতানা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে প্রথমে সুলতানার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে বাদশার লাশের সন্ধান পায় এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দেন।
শিশুদের ফুফু খোশ বানু বলেন, মঙ্গলবার দুপুরে গোসলের কথা বলে সুলতানা ঘর থেকে বের হয়। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নিহত শিশুদের বাবা শওকত আলী বলেন, ‘মঙ্গলবার বিকেলে সন্তানদের নিখোঁজের খবর পেয়ে রাতেই নাসিরনগর ছুটে আসি। কে জানত মা ছাড়া শিশুগুলো এভাবে মারা যাবে।’
শিশুদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চাতলপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফজলুল হক। তিনি প্রথম আলোকে বলেন, শিশুদের শরীরের কান, মুখ ও চোখের অংশে ক্ষত চিহ্ন দেখা গেছে। তাদের জামা-কাপড়ের মধ্যে কাঁকড়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঁকড়া কুরে কুরে খাওয়ায় ক্ষত চিহ্নগুলো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন প্রথম আলোকে বলেন, তিন শিশুর কেউ সাঁতার জানত না। পানিতে ডুবেই তারা মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শিশুদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।