তিন ভাইয়ের ধস্তাধস্তি, এক ভাইয়ের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইয়ের ধস্তাধস্তিতে মহারাজ শেখ (৩৮) নামের এক ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহারাজ শেখ আদর্শপাড়া এলাকার প্রয়াত নুর মোহম্মদ শেখের ছেলে এবং খুলনা পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। গত বৃহস্পতিবার তিনি খুলনা থেকে বাড়িতে আসেন।
মহারাজ শেখের স্ত্রী সহেলী বেগম দাবি করেছেন, কিল ঘুষি দিয়ে এবং ঘাড়ে ইট দিয়ে আঘাত করে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
মোরেলগঞ্জ সার্কেলের এএসপি এনামুল হক বলেন, মহারাজ তাঁর বাড়ির সীমানাপ্রাচীর দিতে সকালে শ্রমিক নিয়ে কাজ শুরু করেন। বিকেল তিনটার দিকে তাঁর দুই ভাই হারুন ও মোতালেব শেখ সেখানে তাঁকে কাজ বন্ধ করতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সময় মহারাজ অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।