তিন ভাইয়ের হাতাহাতি, এক ভাইয়ের মৃত্যু
জমি সংক্রান্ত বিরোধের জেরে বাগেরহাটের মোরেলগঞ্জে আজ শুক্রবার তিন ভাইয়ের হাতাহাতি সময় মহারাজ শেখ (৩৮) নামের এক ভাই মারা গেছেন। নিহত মহারাজের স্ত্রীর অভিযোগ, কিল ঘুষি ও ইটের আঘাতে মহারাজকে হত্যা করা হয়েছে।
নিহত মহারাজ মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তিনি খুলনা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে মহারাজ কয়েকজন শ্রমিক নিয়ে তাঁর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। আজ বিকেল তিনটার দিকে তাঁর দুই ভাই হারুন ও মোতালেব শেখ সেখানে গিয়ে তাঁকে কাজ বন্ধ করতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। একপর্যায়ে মহারাজ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহারাজের স্ত্রী সহেলী বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে মহারাজের বিরোধ চলে আসছিল। আজ ওই দুই ভাই মহারাজকে কিল ঘুষি মেরেছেন, ইট দিয়ে আঘাত করেছেন। এতেই মহারাজ মারা গেছেন।
মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক প্রথম আলোকে বলেন, হাতাহাতির একপর্যায়ে মহারাজ মারা গেছেন বলে শুনেছি। তবে আঘাতে মৃত্যু হয়েছে কি না, তা জানতে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতে মৃত্যু প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।