তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফেনীতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে মো. মোস্তফা (৪৫), আলাউদ্দিন (২৫) ও আমজাদ হোসেন (৩০) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে শহরের ট্রাংকরোড থেকে মাদক ব্যবসায়ী মো. মোস্তফাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। তা ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তাঁর তিন বছরের সাজা হয়েছে। অন্যদিকে, গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশ শহরের বনানীপাড়ার একটি বাসা থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী থানায় সাতটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। একই রাতে শহরের সহদেবপুর এলাকা থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী থানায় ছয়টি মামলা আছে।
ফেনীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তাদের একাধিকবার গ্রেপ্তার করা হয়। জামিনে ছাড়া পেয়েই তারা আবার মাদক ব্যবসা শুরু করে।
তিনি জানান, গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।