তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী ও উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ৯০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার স্লুইসগেটের বিসমিল্লাহ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে এনামুল হোসেন ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে গত বৃহস্পতিবার ওয়ারীর নবাবপুর রোডের মোহন ইলেকট্রনিকস মার্কেটের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আবদুল জলিল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পূর্ব)। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।