তিন মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি জেলা থেকে তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে গতকাল মঙ্গলবার ভোরে আবুল কালাম, চাঁদপুরের দক্ষিণ মতলব থানা থেকে গত সোমবার জহির আহাম্মেদ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রোববার রাতে ইব্রাহিম নামে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এনায়েতপুর উপজেলার দ্বাদশপট্টি গ্রামের আবুল কালাম দীর্ঘদিন থেকে প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর নামে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করতেন। তিনি আড়কান্দি চরের রহিজ উদ্দীনের ছেলে তাঁত শ্রমিক ইয়ামিনসহ (১৭) ৩০ জনকে এভাবে মালয়েশিয়া পাঠান। তাঁর পাঠানো চারজন এখনো নিখোঁজ।
মনিরুল ইসলাম জানান, রইজ উদ্দিন তাঁর ছেলেকে না পেয়ে নিজেই বাদী হয়ে আবুল কালাম, গোপীনাথপুর গ্রামের আবদুল হালিম ও সোনাতলা গ্রামের ফরিদ উদ্দীন নামে তিন ব্যক্তির বিরুদ্ধে সোমবার রাতে এনায়েতপুর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল ভোরে পুলিশ অভিযান চালিয়ে দ্বাদশপট্টি গ্রাম থেকে কালামকে গ্রেপ্তার করে।
চাঁদপুরের দক্ষিণ মতলব থানার লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পাচারকারী জহির আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের হালিশহরের লেতিপাড়া এলাকায়। ফতুল্লা মডেল থানা পুলিশ এ খবর জানিয়েছে।
এর আগে রোববার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এসআই গোলাম মোস্তফা জানান, জহির আহাম্মেদ জিজ্ঞাসাবাদে পাচার চক্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।