তিন মামলা, আসামি তিন সহস্রাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে গত সোমবারের সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। গুলি লাগে স্থানীয় হাদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কয়েকটি বাড়িতে। মাটির দেয়ালে গুলির চিহ্ন দেখাচ্ছেন একটি বাড়ির বাসিন্দা। গতকাল দুপুরে তোলা ছবি l সৌরভ দাশ
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে গত সোমবারের সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। গুলি লাগে স্থানীয় হাদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কয়েকটি বাড়িতে। মাটির দেয়ালে গুলির চিহ্ন দেখাচ্ছেন একটি বাড়ির বাসিন্দা। গতকাল দুপুরে তোলা ছবি l সৌরভ দাশ
 বাঁশখালীতে আজ হরতাল  বিদ্যুৎকেন্দ্রের পক্ষে–বিপক্ষে মানববন্ধন-সমাবেশ

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে তিন হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের মধ্যে গত সোমবার এই সংঘর্ষ হয়েছিল।

নিহত ব্যক্তিদের লাশ গতকাল মঙ্গলবার ওই এলাকায় দাফন করা হয়েছে। তিনজনের জানাজায় বিএনপির নেতারা অংশ নেন।
বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলায় আজ বুধবার হরতালের ডাক দেওয়া হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে গতকাল ওই এলাকায় বিক্ষোভ হয়েছে। আবার ছাত্রলীগ বিদ্যুৎকেন্দ্রের পক্ষে মানববন্ধন করেছে। স্থানীয় সাংসদ ও ছাত্রলীগের নেতাদের অভিযোগ, বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী নিজের স্বার্থ হাসিলের জন্য গ্রামের সহজ-সরল লোকজনকে উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছেন। তাঁর লোকদের গুলিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে।
তবে নিহত ব্যক্তিদের জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুলিশের গুলিতে ওই চারজন নিহত হয়েছেন।
গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে। সোমবার গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষে সমাবেশ ডাকা হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় গুলিতে দুই ভাইসহ চারজন নিহত হন।
পুলিশ জানায়, চারজনের মৃত্যুর ঘটনায় গতকাল সকালে বাঁশখালী থানায় তিনটি মামলা করা হয়। লিয়াকতসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২-১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আনোয়ারুল ইসলাম ও মর্তুজা আলীর ভাই বশির আহম্মেদ। নিহত জাকেরের স্ত্রী মনোয়ারা বেগম অজ্ঞাতনামা ১২-১৩ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আরেকটি মামলা করে। পুলিশের করা মামলায় লিয়াকতসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় ৩ হাজার ২০০ জনকে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গণ্ডামারা এলাকার আবদুল খালেক, জহিরুল ইসলাম ও মহিউদ্দিনকে আটক করা হয়েছে।
প্রকল্পের সহকারী সমন্বয়কারী বাহাদুর আলম প্রথম আলোকে বলেন, এলাকায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে এলাকাবাসীর কোনো ক্ষোভ নেই। লিয়াকত আলী তাঁর পৈতৃক ৯২ কানি (৪০ শতকে ১ কানি) জায়গা দেওয়ার কথা বলে ১ কোটি ৩০ লাখ টাকার চেক নিয়েছেন। কিন্তু তিনি রেজিস্ট্রি দেননি। তিনি আরও এক কোটি টাকা দাবি করছেন। এ জন্য তিনি এলাকার সহজ-সরল লোকজনকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছেন। তাঁর লোকদের গুলিতেই এলাকার নিরীহ লোকজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন বাহাদুর।
বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চারজনের মৃত্যুর জন্য লিয়াকত আলীকে দায়ী করে প্রথম আলোকে বলেন, তিনি নিজের স্বার্থ হাসিলের জন্য গ্রামের সহজ-সরল লোকজনকে উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছেন। তাঁর ভাড়া করা লোকের গুলিতেই চারজন নিহত হয়েছে। বর্তমান সরকারের আমলে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপির ইন্ধনে লিয়াকত এ কাজ করছেন। লিয়াকত বিএনপির স্থানীয় নেতা।
গতকাল ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, মনাদিপুকুরপাড়, চরপাড়াসহ বেশ কয়েকটি স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে লোকজনকে বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। মনাদিপুকরপাড় এলাকার পেছু মিয়া, আবদুল শুক্কুর, আবদুস সালাম ও গুরা মিয়া প্রথম আলোকে বলেন, এলাকায় প্রকল্পটি হলে তাঁদের ক্ষতি হবে। কী ক্ষতি হবে জানতে চাইলে তাঁরা বলেন, পরিবেশের ক্ষতি হবে। আবদুল শুক্কুর বলেন, ‘কারও ইন্ধনে নয়, এলাকা বাঁচাতে আন্দোলন করছি।’
হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, মাটিতে রক্তের দাগ। আশপাশের কয়েকটি মাটির ঘরে গুলির চিহ্ন। বিদ্যালয়ের পাশের আট থেকে দশটি দোকানের মধ্যে শুধু দুটি চায়ের দোকান খোলা। স্থানীয় মুদি দোকানি আবু সৈয়দ বলেন, কখন কী ঘটে, সে জন্যই দোকান খোলা হয়নি।
মাঠের পাশে ভাঙচুর হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা দেখা যায়। গাড়ির ভেতর ভাঙাচোরা একটি মাইক।
স্থানীয় অনেকের অভিযোগ, ওই চারজন নিহত হয়েছেন পুলিশের গুলিতে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, চারজনের শরীরে ছররা গুলির দাগ আছে। যা সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে। এগুলো এলজি কিংবা দেশীয় অস্ত্রের গুলির দাগ। পুলিশ এলজি ব্যবহার করে না।
শিলকূপ এলাকায় এসএস পাওয়ার প্ল্যান্টের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে ১০-১২ জন পুলিশ সদস্য আছেন। পুলিশ কনস্টেবল মো. হানিফ জানালেন, তাঁরা পাহারায় এসেছেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে গতকাল বিকেলে বাঁশখালী উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরানুল হক বলেন, এলাকার নিরীহ লোকজনকে উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছেন লিয়াকত। তাঁর কারণে চারজন লোকের প্রাণ গেছে।
গতকাল বেলা দেড়টার দিকে লিয়াকত আলীকে লোকজন নিয়ে গণ্ডামারা রহমানিয়া মাদ্রাসার পাশে সমাবেশ করতে দেখা যায়। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এস আলম থেকে কোনো চেক নিইনি। সব মিথ্যা কথা। এলাকার স্বার্থে এলাকার লোকজন প্রকল্পের বিরোধিতা করছে। এখানে আমার কোনো রাজনীতি নেই।’ লিয়াকত বলেন, ‘আন্দোলন ধামাচাপা দিতে আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পুলিশ ও ভাড়াটে সন্ত্রাসীদের গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। আমরা কাউকে গুলি করিনি। প্রতিবাদ সমাবেশে তারাই হামলা ও গুলি চালিয়েছে।’
গতকাল গণ্ডামারা ইউনিয়নের চরপাড়া এলাকায় নিহত তিনজনকে দাফন করা হয়েছে। নিহত তিনজনের জানাজায় যোগ দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী।
জানাজা শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুলিশের গুলিতে ওই চারজন নিহত হয়েছেন। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
এ ঘটনায় নিহত আরেকজনের লাশ পশ্চিম গণ্ডামারার টোনাবাড়ি এলাকায় দাফন করা হয়।