চট্টগ্রামের দুটি সরকারি কলেজ থেকে শিবির সন্দেহে আটক ৮১ জনের মধ্যে ২৪ জনকে গতকাল বৃহস্পতিবার সকালে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ৫৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দুটি কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গত বুধবার রাতে চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে ১৯ জনকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা নাশকতার বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুটি কলেজে সাড়ে ১৪ ঘণ্টা অভিযান চালায় পুলিশ। চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাশে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি এবং সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজের ছাত্রাবাসের পাশে নালা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হয়।
সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাশে মাটির কয়েক ফুট নিচ থেকে একে-২২ রাইফেল, একটি থ্রি নট থ্রি বন্দুক, তিনটি পিস্তল, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি দোনলা বন্দুক, পাঁচটি রকেট ফ্লেয়ার, ৬১টি কার্তুজ ও ২৭টি গুলি উদ্ধার করা হয়।
মুহসীন কলেজের ছাত্রাবাসের পাশের নালা থেকে পাঁচটি কিরিচ ও দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়। এ ছাড়া ছাত্রাবাসের একটি কক্ষ থেকে ব্লেন্ডার মেশিন, চার লিটার পেট্রল, দুই বস্তা বোতল, রক্তমাখা কাপড়চোপড় ও পাথর উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, ৮১ জনের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক চৌধুরী জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হবে।
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম ও মহসিন কলেজ কর্তৃপক্ষ ছয় সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও তদন্ত কমিটির প্রধান শাহেদা ইসলাম জানান, কমিটি অস্ত্র উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন এবং ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলেছে।
মুহসীন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও তদন্ত কমিটির প্রধান তাহমিনা ইসলাম জানান, তাঁরা ছাত্র-শিক্ষকসহ অনেকের সঙ্গে কথা বলেছেন।