তিন মাস পর স্বামীর লাশ গোসলখানা খুঁড়ে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্বামীকে হত্যার পর বাড়ির গোসলখানায় লাশ মাটিচাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। দীর্ঘ তিন মাস পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করে লাশ লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেন স্ত্রী।
নিহত ব্যক্তি হলেন মোরেলগঞ্জ উপজেলার আল-আমিন শেখ (৫৫)। আর অভিযোগের সম্মুখীন তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪২)। দক্ষিণ কুমারিয়ারজোলা গ্রামের মৃত আইউব আলী শেখের ছেলে আল-আমিন ১৬ মার্চ রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনার পর থেকে নিখোঁজ ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ আদালতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রেজোয়ানুজ্জামানের উপস্থিতিতে ফাতেমা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জবানবন্দিতে ফাতেমা স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। আদালতের নির্দেশে ফাতেমাকে পরে কারাগারে পাঠানো হয়। গতকাল হাসপাতালে ময়নাতদন্ত শেষে আল-আমিনের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
আদালতে জবানবন্দি দেওয়ার আগে ফাতেমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ বলেছিল, প্রতিবেশী শাজাহানের সঙ্গে সম্পর্কের জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া বাধলে তাঁকে হত্যা করেন তিনি। পরে শাজাহানের সহযোগিতায় লাশ মাটিচাপা দেন।
লাশ উদ্ধারের পর থেকে শাজাহান পলাতক রয়েছেন।
পুলিশ বলেছে, ফাতেমার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত গুপ্তি (দুই দিক ধারালো ছোরা) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভগ্নিপতি মোবারক আকন ফাতেমাসহ দুজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় গত বুধবার হত্যা মামলা করেছেন। এরপর পুলিশ ওই লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, আল-আমিন-ফাতেমা দম্পতির চার ছেলে-মেয়ে। আল-আমিন ঢাকায় রিকশা চালাতেন। তাঁর সঙ্গে থাকতেন ছেলে মোহাম্মদ আলী। বাবা নিখোঁজ হওয়ার পর তিনি কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ওসি আরও বলেন, ঢাকা থেকে ১৬ মার্চ বাড়ি ফেরার পথে আল-আমিন নিখোঁজ হন বলে ফাতেমা তাঁর ছেলে মোহাম্মদ আলীকে জানান। এতে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়স্বজন। সম্প্রতি আল-আমিনের মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করা হয়। এতে স্বজনেরা জানতে পারেন, ১৬ মার্চ আল-আমিন মোরেলগঞ্জের ফুলহাতা টাওয়ারের অধীন একটি স্থান থেকে কথা বলেছেন। এরপর গত সোমবার আল-আমিনের ভগ্নিপতি মোবারক আকন ফাতেমার সঙ্গে কথা বলেন। তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হলে তিনি বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির গোসলখানা খুঁড়ে লাশ উদ্ধার করে।
ওসির ভাষ্য, ফাতেমা বলেছেন আল-আমিন ১৬ মার্চ বাড়িতে এসেছিলেন। ওই দিন রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ধারালো গুপ্তি দিয়ে স্বামীর বুকে আঘাত করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। এরপর শাজাহানের সহযোগিতায় লাশটি লুকিয়ে ফেলেন।