তিন মাসে হেফাজতে ও ক্রসফায়ারে নিহত ৬৪: আসক
এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত ও ক্রসফায়ারে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে ১৫ জন, পুলিশের ক্রসফায়ারে ২৪ জন এবং অন্যান্য বাহিনীর হাতে সাতজন মারা যান।
জাতীয় দৈনিকে প্রকাশিত এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে করা তিন মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে আজ মঙ্গলবার আসক এ তথ্য দিয়েছে। তবে র্যাব তাদের হেফাজতে বা ক্রসফায়ারে মৃত্যুর কথা অস্বীকার করেছে।
আজ এক বিজ্ঞপ্তিতে আসক বলেছে, পরিবার ও অন্যদের অভিযোগ অনুযায়ী, গত তিন মাসে সাদা পোশাকে আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ২৫ জনকে আটক করে নিয়ে গেছে। এঁদের মধ্যে পরে শুধু একজনের লাশ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।
আসকের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের নির্যাতনে চারজন, র্যাবের নির্যাতনে একজন, পুলিশের গুলিতে নয়জন ও গোয়েন্দা পুলিশের গুলিতে একজন মারা যান। থানাহাজতে নির্যাতনের ফলে আত্মহত্যা করেন একজন। গ্রেপ্তারের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান একজন। পরিবারের দাবি, ট্রেনের নিচে ফেলে একজনকে মেরে ফেলা হয়েছে। তিন মাসে কারা হেফাজতে মারা গেছেন ১৭ জন।
আসক জানিয়েছে, গত তিন মাসে শুধু রাজনৈতিক সহিংসতার ৫৫৬টি ঘটনায় মারা গেছে ১২২ জন। তাদের মধ্যে ৬৯ জনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। রাজনৈতিক সহিংসতার ঘটনায় আহত হয়েছে ৩ হাজার ৫১ জন। প্রশাসন এ সময়ে দেশের সাতটি বিভাগের বিভিন্ন স্থানে ১৫ বার ১৪৪ ধারা জারি করে।
আসকের প্রতিবেদন সম্পর্কে মতামত জানতে চাইলে আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, আসকের প্রতিবেদনে তিন মাসের যে পরিসংখ্যান বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যু, রাজনৈতিক সহিংসতায় মৃত্যু, গণপিটুনিতে মৃত্যু—তা অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে বলে মনে হচ্ছে। একদিকে রাজনৈতিক আন্দোলনের নামে পেট্রলবোমা নিক্ষেপ, অন্যদিকে যেকোনোভাবে এ ধরনের সহিংসতাকে দমন করার জন্য সরকারের যে চেষ্টা এবং আইনের তোয়াক্কা না করার ফলেই এ ধরনের ঘটনা বেড়েছে, যা খুবই উদ্বেগজনক। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, জনগণসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আইনের ঊর্ধ্বে চলে যাওয়ার যে প্রবণতা, তা খুবই আশঙ্কাজনক। যে দেশে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেসব দেশকে বহু বছর খেসারত দিতে হয়েছে। রাজনৈতিক সহিংসতা ঘটবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের মধ্যে থেকেই কাজ করবে—সে ধরনের পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রচণ্ড মূল্য দিতে হবে।
আসকের প্রতিবেদনে বলা হয়, তিন মাসে ১০৩ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। প্রকাশিত সংবাদের জন্য তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। তিন মাসে হিন্দু সম্প্রদায়ের ১৭টি বাসস্থান, একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিমা, পূজামণ্ডপ ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ১০৫টি ঘটনায় ২১ জন আহত হয়েছেন।
তিন মাসে গণপিটুনির ঘটনায় ৩১ জন মারা গেছেন। সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন ছয়জন, নির্যাতনে মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন ২২ জন। অপহরণের শিকার হন ৩৬ জন। অপহরণের পর বিজিবির মধ্যস্থতায় ফেরত এসেছেন ১৫ জন।
তিন মাসে নারী নির্যাতন: তিন মাসে ধর্ষণের শিকার হন ১১২ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয় ১৫ জনকে। ধর্ষণের পর আত্মহত্যা করেন একজন। পারিবারিক নির্যাতনের শিকার হন ৯৯ জন নারী, এর মধ্যে ৭২ জনকে হত্যা করা হয়। আত্মহত্যা করেন ১৬ জন নারী। শুধু যৌতুকের কারণে নির্যাতন করে হত্যা করা হয় ৪০ জন নারীকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেন তিনজন। অ্যাসিডদগ্ধ ১৪ নারীর মধ্যে একজন মারা যান। যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেন দুজন নারী। আর যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে মারা যান একজন পুরুষ। সালিস ও ফতোয়ার মাধ্যমে নির্যাতনের শিকার হন দুজন নারী। নির্যাতনের শিকার আটজন গৃহকর্মীর মধ্যে মারা গেছে দুজন। রহস্যজনক মৃত্যু হয়েছে পাঁচজনের।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আসকের প্রতিবেদন সম্পর্কে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘গত তিন মাসে র্যাবের হেফাজতে কারও মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। ক্রসফায়ার বলে কিছু নেই। সন্ত্রাসী গ্রেপ্তার করতে গেলে সন্ত্রাসীরাই প্রথমে গুলি ছোড়ে। পরে দুই পক্ষের গুলিবিনিময়ের একপর্যায়ে কিছু হতাহতের ঘটনা ঘটে।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না এ ধরনের গুলিবিনিময়ের ঘটনায় কতজন মারা গেছেন। এ ছাড়া আমি আসকের প্রতিবেদনটি পড়ে দেখিনি। তাই প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যা সম্পর্কে কিছু বলতে পারব না।’