তিন মাসে চার গ্রামে ২৫টি বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর, চান্দের হাওড়া, আরংহাটি ও হরিপুর গ্রামে গত তিন মাসে ২৫টি বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধু আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়েরই ২০ জন ছাত্রী রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্র জানায়, গত সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির চারজন, অষ্টম শ্রেণির ছয়জন, নবম শ্রেণির ছয়জন ও দশম শ্রেণির চারজন ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। এ ছাড়া পশ্চিম আরংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন ও চতুর্থ শ্রেণির দুজন, হাসিল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন ও বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত একটি স্কুলের এক ছাত্রীর বিয়ে হয়েছে।
আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘অনেক চেষ্টা করেও বাল্যবিবাহের হাত থেকে ছাত্রীদের রক্ষা করতে পারিনি। অভিভাবকেরা গোপনে মেয়েদের বিয়ে দিচ্ছেন। বিয়ে হওয়ার পর আমরা জানতে পারি।’
মেষ্টা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াহাব আলী বলেন, ‘কয়েকটি বাল্যবিবাহের খবর পেয়েও বন্ধ করা সম্ভব হয়নি। গ্রামগুলোতে বাল্যবিবাহ বন্ধের তেমন কোনো প্রচারণাও নেই।’
মেষ্টা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) রিয়াজুল ইসলাম বলেন, ‘ওই সব বিয়ের বিষয়ে আমি জানি না। অন্য কোনো নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে হয়ে থাকতে পারে। প্রশাসনের ব্যাপক নজরদারি থাকায় অভিভাবকেরা অনেক সময় গোপনে ইমামদের দিয়ে বিয়ে পড়াচ্ছেন। তবে বাল্যবিবাহ শতভাগ রোধ করতে হলে নিকাহ রেজিস্ট্রারদের প্রতি প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে। অনেক নিকাহ রেজিস্ট্রার নতুন কৌশল অবলম্ব করে বাল্যবিবাহ সম্পন্ন করছেন।’
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘ওই ২৫টি বাল্যবিবাহের খবর আমাদের কাছে নাই। কীভাবে বাল্যবিবাহগুলো হলো, সে বিষয়ে সবাইকে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই গ্রামগুলোতে বাল্যবিবাহ বন্ধে বড় ধরনের সচেতনতামূলক সভা করা হবে। এ ছাড়া এসব বাল্যবিবাহের খবর প্রশাসন কেন পেল না, সে বিষয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও নিকাহ রেজিস্ট্রারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।’