তিন মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ কলেজছাত্র
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কলেজছাত্র সালাউদ্দিন নিখোঁজ হওয়ার তিন মাস পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। সালাউদ্দিন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
রায়গঞ্জ থানার পুলিশ ও নিখোঁজ হওয়া ছাত্রের পরিবার সূত্র জানায়, সালাউদ্দিন গত বছরের ১১ অক্টোবর বিকেলে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরত আসেনি। সে বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পরের দিন ওই ছাত্রের ভাই ইসমাইল হোসেন রায়গঞ্জ থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ ছাত্রের আরেক ভাই পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, ‘একই দিনে একই সময় থেকে পাশের চকনূর গ্রামের রেফাজ উদ্দিনের মেয়ে তাঁর ভাইয়ের সহপাঠী ময়মুনা খাতুন ওরফে ময়নাও নিখোঁজ হয়েছে বলে জানতে পারি।’ তাঁদের পরিবারের ধারণা, দুজনে প্রেমের কারণে বাড়ি ছেড়েছে। তারপরও তাঁরা তার খোঁজ করতে থাকেন। তিন দিন পর মেয়েটি বাড়ি ফিরে এলেও আজ পর্যন্ত তাঁর ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি পাঙ্গাসী ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি গুরুত্ব না দিলে ঘটনার চার দিন পরে থানায় মামলা করতে যান তাঁরা। কিন্তু চেয়ারম্যানের নানা রকম টালবাহানার কারণে তাঁরা থানায় মামলা করতে না পেরে ২৯ অক্টোবর পাঁচজনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। ৩০ অক্টোবর রায়গঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়। ওই রাতে মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। পরে মামলাটি তদন্ত ও নিখোঁজ ছাত্রকে উদ্ধারের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান আবদুস সালাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, নিখোঁজ ছাত্রটি উদ্ধারে তিনিও থানা-পুলিশকে সহায়তা করছেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস গতকাল বৃহস্পতিবার বলেন, মামলার তদন্ত ও নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ডিবি পুলিশের সঙ্গে থানা-পুলিশ কাজ করছে।