তিন মাসের মেয়েকে কামড়ে মারলেন বাবা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মুনপীরিত গ্রামে নাজমুল হুসাইন (৩২) নামের এক বাবা তাঁর তিন মাসের মেয়েকে কামড়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নুসরাত রুকাইয়া। বাবা নাজমুল পেশায় কাঠমিস্ত্রি। তাঁর একটি আসবাব বিক্রির দোকান রয়েছে।
নাজমুলের দাবি, ছোট মেয়েকে বাড়ির পাশের ঝোপের মধ্যে নিয়ে হত্যা করলে অনেক টাকা পাবেন বলে তিনি স্বপ্নে নির্দেশ পেয়েছেন। ওই টাকা পেতে তিনি মেয়েকে হত্যা করেছেন।
নাজমুলের স্ত্রী মঞ্জুয়ারা বেগমের ভাষ্য, নাজমুল স্বাভাবিক জীবন যাপন করে আসছিলেন। কিছুদিন ধরে তিনি গভীর রাতে ঘুম থেকে উঠে বিড়বিড় করে কথা বলতেন, বাড়ির বাইরে চলে যেতেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়ার পর দুই মেয়ে ইভা ও রুকাইয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। আজ ভোর পাঁচটার দিকে হঠাৎ নাজমুল ছোট মেয়ে রুকাইয়াকে কোলে নিয়ে বাড়ির বাইরে যান। এতে তাঁর মনে কোনো সন্দেহ দেখা দেয়নি। বরং বিষয়টি স্বাভাবিক মনে হয়েছে। এভাবে এক ঘণ্টার বেশি সময় কেটে যাওয়ার পর নাজমুল ফিরে না এলে তিনি খুঁজতে বের হন। বাড়ি থেকে কয়েক শ গজ দূরে একটি ঝোপের পাশে তিনি রুকাইয়ার রক্তাক্ত মরদেহ আবিষ্কার করেন।
দুই মেয়ের মধ্যে রুকাইয়াকে নাজমুল বেশি ভালোবাসতেন বলে দাবি করেন মঞ্জুয়ারা। তিনি বলেন, ‘কেন ওকে ওর বাবা এমন নিষ্ঠুরভাবে মারল, তা ভাবতে পারছি না।’
মেয়েকে হত্যা করার পর খবর পেয়ে প্রতিবেশীরা নাজমুলকে উলঙ্গ অবস্থায় আটক করে। চাচা আলীফ হোসেন তাঁকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যান।
চাচা আলীফের দাবি, নাজমুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ঘরে থাকা একটি কোরআন শরিফ তিনি ছিঁড়ে টুকরো টুকরো করেছেন। মেয়ের শরীরে অসংখ্য কামড় দিয়ে রক্তাক্ত করেছেন।
প্রতিবেশী লিটন খন্দকারের ভাষ্য, সম্প্রতি নাজমুল অস্বাভাবিকভাবে চলতেন। তিন দিন আগে বাড়ির উঠানে একটা টিনের ঘর তৈরি করেন। সেখানে তিনি আগরবাতি জ্বেলে জিকির করতেন। স্বপ্নে প্রচুর ধনসম্পদ পাবেন বলে তিনি লোকজনকে বলে বেড়াতেন। মেয়েকে হত্যার কারণ সম্পর্কে বলেছেন, স্বপ্নে আদেশ পেয়ে তিনি সন্তানকে হত্যা করেছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, রুকাইয়ার শরীরে অনেক কামড়ের চিহ্ন এবং গলায় শ্বাসরোধে হত্যা করার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।