তিন মোটরসাইকেল আরোহী সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার তদন্তে অগ্রগতি হয়েছে বলে তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে। তবে তদন্তের সঙ্গে যুক্ত দায়িত্বশীল কর্মকর্তারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না।
মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, তদন্তকারীরা সিজার হত্যায় এর আগে গুলশান থেকে বের হওয়া ১৩টি পথের সব কটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল আরোহীসহ অন্তত ২০ ব্যক্তিকে চিহ্নিত করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাঁরা দফায় দফায় অভিযান চালিয়ে এবং ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে সন্দেহের তালিকা তিন-চারজনে নামিয়ে আনেন। তদন্তকারীরা এখন সিজার হত্যায় অংশ নেওয়া তিন মোটরসাইকেল আরোহী সম্পর্কে ধারণা পেয়েছেন। শিগগিরই তাঁদের আইনের আওতায় আনতে সক্ষম হবেন তাঁরা।
তদন্তের সঙ্গে যুক্ত একাধিক তদন্তকারী কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। দেশের সাতটি জেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। বরিশাল ও রংপুর অঞ্চলের দায়িত্বে থাকা সিজার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রাতিষ্ঠানিক কাজে রংপুরে গিয়েছিলেন।
মামলার অগ্রগতি নিয়ে জানতে চাইলে গতকাল রোববার রাতে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, তদন্তে পাওয়া তথ্যের সব দিক ধরে তাঁরা এগোচ্ছেন। মামলার অগ্রগতি নিয়ে এখনো বলার মতো সময় আসেনি। সে ধরনের কিছু পাওয়া গেলে তাঁরা জানাবেন।
মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন খুনিদের শনাক্ত করতে তাঁরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। সিজার হত্যাকাণ্ড নিয়ে তাঁরা ঘটনাস্থল, সিজারের কর্মস্থল ও বাসার লোকজনের সঙ্গেও কথা বলছেন। এখন মামলার রহস্য উদ্ঘাটনে তাঁরা আশাবাদী।
তদন্ত-সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, সিজারকে লক্ষ্য করে ছোড়া তিনটি গুলি তাঁর শরীরে লেগেছে। এ ক্ষেত্রে বোঝা যায়, খুনিরা দক্ষ ও প্রশিক্ষিত। সিজারের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। ইতালীয় দূতাবাস মরদেহটি ইতালি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত মরদেহটি মর্গের হিমঘরে ছিল।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
আরও পড়ুন: