রংপুরের বদরগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সময় স্থানীয় লোকজন তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত সোমবার রাতে গোপালপুর ইউনিয়নের শিবপুর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই যুবকেরা হলো রংপুর সদরের সেলিম মিয়া (২৫), নয়ন মিয়া (২৮) ও মোকছেদুল হক (৩২)। তাদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক সরকারপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং ওই বাড়িতে অবৈধ মাল রয়েছে বলে তল্লাশি শুরু করে। বাদশা মিয়ার স্ত্রী রাজিয়া বেগমের সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে গ্রামের লোকজন এগিয়ে এলে দুই যুবক পালিয়ে যায়। গ্রামবাসী ওই তিন যুবককে আটক করে। তারা ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে গ্রামবাসী তাদের পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। ওই দিন রাতেই বাদশা মিয়া বাদী হয়ে বদরগঞ্জ থানায় ওই তিন যুবকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, গ্রেপ্তার হওয়া তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।