তিন যুবকের গুলিবিদ্ধ লাশ, সন্দেহ র্যাবকে
দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার কলাপাড়া নামক স্থানে পুলিশ বক্সের ৫০০ গজ পূর্ব দিকে একটি আমবাগান থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচয়ে ওই তিন যুবককে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন নিহত এক যুবকের মা।
নিহত যুবকেরা হলেন নাটোরের আবদুল্লাহ আকন্দ (২৮), রেদোয়ান সাব্বির (২৬) ও সোহেল রানা (২৭)।
পুলিশ জানিয়েছে, তিন যুবকের মধ্যে দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন যুবক নাটোর পৌর শাখার যুবলীগ কর্মী।
সরেজমিনে দেখা যায়, তিন যুবকের মধ্যে দুই যুবকের কপাল এবং এক যুবকের মাথার বাঁ পাশ গুলিবিদ্ধ। তিন যুবকের পরনেই নীল জিনসের প্যান্ট। এক যুবকের গায়ে নীল শার্ট এবং এক যুবকের গায়ে গোলাপি গেঞ্জি ছিল।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তিন যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে মুঠোফোনে তিনি জানান, ওই তিন যুবকের বিষয়ে গতকাল রোববার রাতে নাটোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহত রেদোয়ান সাব্বিরের মা। জিডিতে তিনি উল্লেখ করেন, র্যাব পরিচয় দিয়ে কয়েকজন তাঁর ছেলেসহ তিনজনকে টকিয়া বাজার থেকে তুলে নিয়ে গেছে।
তবে র্যাব নাটোর ক্যাম্পের এএসপি শেখ মো. আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর সঙ্গে আজ সোমবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, র্যাব কাউকে তুলে নিয়ে আসেনি।
ওসি মিজানুর রহমান জানান, সাব্বিরের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা এবং সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে আবদুল্লাহ আকন্দের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা তিনি জানাতে পারেননি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকদের অন্যত্র গুলি করে লাশ তিনটি ঘটনাস্থলে ফেলে গেছে কেউ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।