তিন লাখ ইয়াবা বড়িসহ নৌকা জব্দ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা বদর মোকাম এলাকা থেকে আজ সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ৪২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন ও ক্যাপ্টেন আজাহারুল আলমের নেতৃত্বে বিজিবির সদস্যরা শাহপরীর দ্বীপ জেটি ঘাট ও ঘোলাপাড়া এলাকায় তিনটি স্পিড বোট নিয়ে অবস্থান নেন। রাত নয়টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশ জলসীমানায় ঢুকে নাফনদীর মোহনার বদর মোকামে পৌঁছালে নৌকাটিকে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আবুজার আল জাহিদ রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ইয়াবার চালানটি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার চালানটি বিজিবির আটক করা সবচেয়ে বড় চালান।