তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয়জন আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে তিন লাখ ইয়াবা বড়িসহ মিয়ানমারের ছয়জন নাগরিককে আজ বুধবার আটক করেছেন বাংলাদেশের কোস্টগার্ড সদস্যরা।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লোকমান হাকিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা একটার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সাগর থেকে এই ইয়াবা বড়ির চালানটি জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি লম্বা কিরিচ ও একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি হলো চং না বড়ুয়া (২৫), লাম সিন (৫০), মং সা (৪৫), চউ না (৩৮), সং পোটে (৫০) ও উয়া নাই (৩৮)। তাঁরা মিয়ানমারের আকিয়াবের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মণ্ডল প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড টেকনাফ ও সেন্ট মার্টিন স্টেশনের দুটি দল অভিযান চালিয়ে বাংলাদেশের জলসীমা থেকে মিয়ানমারের ছয়জন নাগরিককে ট্রলারসহ আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা এবং ৩টি লম্বা কিরিচ, দুটি তির উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্যে ১৫ কোটি টাকা। আটক ছয়জনকে, ইয়াবা বড়ি, ট্রলার, কিরিচসহ টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য পরিবহন ও অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।