তিন শিক্ষককে অব্যাহতি চার শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এসএসসি পরীক্ষা চলাকালে নকল করতে সহায়তা করার দায়ে গতকাল মঙ্গলবার তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
নকল করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জে গত দুই দিনে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জামালপুরের ইসলামপুর উপজেলায় পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ করার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করতে সহায়তা করার দায়ে তিন কক্ষ পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে নকল করতে সহায়তা করার দায়ে উপজেলার শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভেন্যু কেন্দ্র শাহ রাহাত আলী কলেজ কেন্দ্রের তিন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। এঁরা হলেন দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক জরিনা বেগম, তেজখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক রোমান মিয়া ও আরিফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন বলেন, শাহ রাহাত আলী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল করতে সহায়তা করার দায়ে পরীক্ষার দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর): নকল করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চবিদ্যালয় কেন্দ্রের চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে প্রশ্নপত্রে উত্তর লেখা থাকায় ছয় পরীক্ষার্থীর খাতা জব্দ করা হয়েছে। বহিষ্কার হওয়া চারজনের মধ্যে নাসিরকোট শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের দুজন, রামপুর উচ্চবিদ্যালয়ের একজন ও বোরখাল উচ্চবিদ্যালয়ের একজন পরীক্ষার্থী রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফী বলেন, গত দুই দিনের পরীক্ষায় ওই কেন্দ্র থেকে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জামালপুর: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নেকজাহান পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল সরবরাহের জন্য পরীক্ষাকেন্দ্রের দেয়াল টপকে তিনজন ভেতরে ঢোকে। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরা হলো ইসলামপুর পৌর শহরের হৃদয় হাছান, ইয়াসিন শেখ ও শাকিব হাছান। আদালত পরিচালনা করেন ওই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মুক্তাদিরুল আহম্মেদ। তাদের কারাদণ্ড দেওয়ার ও মারধরের অভিযোগ তুলে কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ইউএনও দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী ওই তিনজনকে মারধর করার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনজনের মধ্যে দুজন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধন কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।