তিন শিক্ষকের বেত্রাঘাতে আট স্কুলছাত্র আহত
নাটোরের সিংড়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক আট ছাত্রকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এরপর এলাকাবাসী ওই তিন শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বেত্রাঘাত করা নিষিদ্ধ। তা উপেক্ষা করে উপজেলার পাঙ্গাশিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির আট ছাত্রকে বেত্রাঘাত করার এ অভিযোগ উঠল। আহত ছাত্ররা হলো মাসুদ রানা, সোহেল রানা, সবুজ, খাইরুল ইসলাম, রিপন, বাবু, ময়নুল ও সুমন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির ১০-১২ জন ছাত্র সহকারী প্রধান শিক্ষকের কাছে যায়। তারা স্কুল ছুটির পর গণিত বিষয়ে প্রাইভেট পড়ার জন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়ার জন্য তাঁর কাছে অনুরোধ জানায়। কিন্তু তিনি কক্ষ বরাদ্দ দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে প্রধান শিক্ষক লুৎফর রহমান ও তাঁর ভাই সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম এবং সহকারী শিক্ষক ফয়সাল ইসলাম ছাত্রদের এলোপাতাড়ি বেত্রাঘাত করে আহত করেন। পরে এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ছাড়া ওই তিন শিক্ষককে স্কুলের ভেতর অবরুদ্ধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনাস্থলে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এতে পরিস্থিতি শান্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক প্রথম আলোকে বলেন, ছাত্ররা একই বিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে চেয়েছিল। ওই শিক্ষক বর্তমানে অন্য একটি বিদ্যালয়ে চাকরি করেন। তাঁর সঙ্গে প্রধান শিক্ষক লুৎফরের বনিবনা নেই। এর জেরেই ওই কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি এবং ছাত্রদের পিটিয়ে আহত করা হয়।
আহত এক ছাত্রের অভিভাবক মুনছুর রহমান বলেন, বহিরাগত আবদুর রহিমসহ কয়েকজন শিক্ষক বিদ্যালয়ের কক্ষ বরাদ্দ নিয়ে প্রাইভেট পড়ান। ছাত্রদের দাবি ন্যায্য ছিল। তাদের পিটিয়ে আহত করা উচিত হয়নি।
এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক লুৎফর বলেন, বহিরাগত শিক্ষকের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া যাবে না জানালে ছাত্ররা ক্ষিপ্ত হয়। এ নিয়ে তাদের সঙ্গে বাক্বিতণ্ডা হয়। কিন্তু তাদের বেত্রাঘাত করার অভিযোগ সত্য নয়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদের পিটিয়ে আহত করার এ ঘটনা তদন্ত করা হচ্ছে।