তিন শিক্ষা কর্মকর্তাকে মারধর, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার িতন শিক্ষা কর্মকর্তাকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে মারধর করা হয়েছে।
এই তিন কর্মকর্তা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল আমিন হাওলাদার ও মিজানুর রহমান।
তাঁদের বিরুদ্ধে সঠিক সময়ে পরীক্ষা না নেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
নড়িয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষা কর্মকর্তা পরীক্ষা এক দিন পিছিয়ে দেন। এ কারণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া নিয়োগ-বদলি বাণিজ্য, ফলাফল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ওই শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে তিনজন শিক্ষা কর্মকর্তাকে মারধর করা হয়। তাঁরা হলেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল আমিন হাওলাদার ও মিজানুর রহমান।
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল আমিন হাওলাদার বলেন, ‘আমরা কার্যালয়ে বসে কাজ করছিলাম। এমন সময় শিক্ষক আশরাফুল আলম, মিলন মাতুব্বর, সিরাজুল ইসলামসহ কয়েকজন আমাদের মারধর করেন। টিও স্যারকে ধাওয়া করে পাশের একটি কিন্ডারগার্টেনে নিয়ে মারধর করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে শিক্ষক মিলন মাতুব্বর ও সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা তিন শিক্ষক শরীয়তপুরে প্রশিক্ষণে আছি। আমরা নড়িয়া গিয়ে কীভাবে হামলা করব। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’
নড়িয়ার ইউএনও সানজিদা ইয়াছমিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। কেন, কারা এ হামলা করেছে, এ বিষয়ে এখনো জানতে পারিনি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, ‘শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনা শুনে ছুটে যাই। ততক্ষণে ওই শিক্ষকেরা পালিয়ে যান। এ বিষয়ে এখনো থানায় মামলা হয়নি।’
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষা কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে জানাতে পারতেন। কিন্তু তা না করে শিক্ষকেরা তাঁদের মারধর করবেন, এটা হতে পারে না। আমরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।’