তিন শিক্ষাপ্রতিষ্ঠান ও পৌরসভায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বুধবার রাতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও পৌরসভা কার্যালয়ে চুরি হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও পৌরসভা কার্যালয় থেকে চোরেরা লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
শহরের দেওয়ানপাড়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বিদ্যালয়ে এসে দেখেন শিক্ষকদের কক্ষের স্টিলের আলমারির তালা ও ড্রয়ার ভাঙা। চোরেরা ড্রয়ারে থাকা শিক্ষার্থীদের ভর্তির প্রায় ৭০ হাজার টাকা ও ভবনের দ্বিতীয় তলায় তাঁর বিশ্রাম কক্ষের তালা ভেঙে আরও প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ছাড়া তারা কাগজপত্র তছনছ করেছে।
ওই বিদ্যালয় থেকে ২০০ গজ দূরে পৌরসভা ভবন। ভবনের নিচতলায় আদায়কারী ও হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে বসানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চোরেরা ওই কক্ষে ঢোকে। চোরদের পরনে জিন্স প্যান্ট ও মাথায় মাফলার প্যাঁচানো ছিল। আদায়কারী লুৎফর করিম বলেন, কোনো টাকাপয়সা না থাকায় তারা নিতে পারেনি। শুধু কাগজপত্র তছনছ করেছে।
এদিকে পৌর ভবন কার্যালয়ের অদূরে অবস্থিত উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী বলেন, সকালে খবর পেয়ে তিনি এসে দেখেন শিক্ষকদের কক্ষে থাকা আলমারির তালা ভাঙা ও কাগজপত্র পড়ে আছে। পাশে তাঁর কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙে ৫০০ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ছাড়া ওই প্রাথমিক বিদ্যালয়ের কাছেই অবস্থিত রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ। চোরের দল এখানেও হানা দেয়। কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ বলেন, সকালে চুরির খবর পেয়ে তিনি এসে দেখেন অফিস কক্ষের সামনে থাকা গ্রিলের হ্যাজবল্ট ভাঙা। শিক্ষকদের কক্ষে থাকা আলমারির তালা ভাঙা ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। চোরেরা অফিস সহকারীর কক্ষের আলমারির তালা ভেঙে এক হাজার টাকা নিয়ে গেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এ ধরনের কাজ করছে।