তিন শিক্ষার্থী ও এক কর্মচারীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের জেরে বহিষ্কারের সুপারিশ করা পাঁচজন ছাত্রের মধ্যে তিনজনের এবং একজন কর্মচারীর বহিষ্কারাদেশ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড। গতকাল বুধবার বোর্ডের জরুরি সভায় ওই সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মেলনকক্ষে বৈঠক শেষে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র নাসির উদ্দীন বাদলকে আজীবন এবং অণুজীববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের রাসেল পারভেজ ও চতুর্থ বর্ষের ছাত্র সাজেদুল হাসানকে আবাসিক হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অপর দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ প্রত্যাহার করা হয়েছে। তবে তাঁদের আবাসিক হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতির সিদ্ধান্তও চূড়ান্ত করেছে রিজেন্ট বোর্ড।
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করলে সংঘর্ষে ২০ জন আহত হন। এরপর ছাত্র বিক্ষোভের মুখে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটি গত ৯ এপ্রিল রিজেন্ট বোর্ডের সভায় প্রতিবেদন দাখিল করে।