জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এক ছাত্রীসহ তিনজনকে মারধর করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে এ ঘটনা ঘটে।
ওই হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের আবাসিক শিক্ষার্থী ও ইতিহাস বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মো. শাহজাহান বাদশা তাঁর একজন বন্ধু ও দুজন বান্ধবীর সঙ্গে হলের অতিথিকক্ষে বসে গল্প করছিলেন। এ সময় ওই কক্ষে আর কেউ না থাকায় বাদশা ও তাঁর বিভাগের বন্ধু ইন্দ্রজিৎ ভৌমিক টেবিলে পা তুলে বসে ছিলেন। হঠাৎ ওই হলের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মো. কামরুল হাসান অতিথিকক্ষে আসেন। তিনি দুজনকে পা তুলে বসে থাকতে দেখে তাঁদের অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় দুজনই পা নামিয়ে ফেলেন এবং ইন্দ্রজিৎ ‘সরি’ বলে কামরুলের কাছে দুঃখ প্রকাশ করেন। শাহজাহান কামরুলের থেকে জ্যেষ্ঠ হওয়ায় তাঁকে গালাগাল করতে নিষেধ করে চলে যেতে অনুরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর কামরুল চলে যান। কিন্তু কিছুক্ষণ পর তিনি ৮-১০ জন অনুসারী নিয়ে সেখানে ফিরে আসেন। তাঁদের হাতে ছিল রড, পাইপ। পরে কামরুলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী নাজিউল হাসান পিয়াল, আল আমিন, শরীফ হোসেন, আসাদুজ্জামান আবিরসহ কয়েকজন শাহজাহানকে মারধর করেন। এতে বাধা দিতে এগিয়ে গেলে তাঁর বান্ধবী ও বন্ধু ইন্দ্রজিৎকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।
ওই ছাত্রী জানান, বাধা দিতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। কেউ একজন তাঁর ডান হাতের কবজিতে রড দিয়ে আঘাত করেন। এরপর তাঁরা চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে যান।
শাহজাহান বলেন, ‘ওরা আমার জুনিয়র। কিন্তু ছাত্রলীগ করে বলে ওদের ক্ষমতা আছে। তাই অকারণেই ওরা আমাদের মারধর করেছে।’
কামরুলের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে রড, পাইপ দিয়ে মারধর করা হয়নি দাবি করে তিনি বলেন, ‘বাদশা আমাকে থাপড় দিয়েছে। তাই আমি ওকে দু-চারটা চড়-থাপড় দিয়েছি।’
হলের ওয়ার্ডেন মো. গোলাম মোস্তফা বলেন, ‘আমরা চিকিৎসাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে হল প্রশাসনের সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’